২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অল-ইংল্যান্ড’ ফাইনাল ঠেকাতে পারবে মিলান?

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে কখনোই খেলেনি ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি দল। কিন্তু এবার তেমন কিছু ঘটবার সম্ভাবনা প্রবল। কেবল ইতালিয়ান সিরি ‘এ’-র দল এসি মিলানই পারে সেটা ঠেকাতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:52 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কিন্তু তা পারতে হলে বুধবার নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে হবে তাদের। ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালের প্রথম লেগে ইনজুরি সময়ে ওয়েইন রুনির গোল মিলান সমর্থকদের হৃদয় ভেঙ্গে দিয়েছিল, দারুণ লড়াই করেও সে ম্যাচে ২-৩ গোলে হেরেছিল তারা।

কিন্তু ওই ম্যাচে করা দুটি মূল্যবান গোল একটা সুবিধা করে দিয়েছে, তাই দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতলেই চলবে তাদের। মিলানের সানসিরো স্টেডিয়ামে মাঠে নামার আগেই অবশ্য তারা জেনে যাবে জিততে পারলে ফাইনালে দেখা হবে কাদের সঙ্গে। মঙ্গলবার অন্য সেমিফাইনালটির দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইংলিশ লিগে ম্যান ইউর পেছনে পড়ে থাকা দুই দল চেলসি আর লিভারপুল।

প্রথম লেগে একমাত্র গোলে জিতে তাতে খানিকটা এগিয়ে আছে ‘ব্লুজ’রা। তবে, লিভারপুল সমর্থকদের জন্য আশার কথা, এই ম্যাচ হবে তাদের মাঠে। শুধু তাই নয়, এই ম্যাচের আগে একটু বিপদেও আছে ইংলিশ লিগের গত দুবারের চ্যাম্পিয়নরা। মাত্র দুদিন আগে নিজেদের মাঠে বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে লিগ লড়াইয়ে পিছিয়ে পড়েছে তারা, তারচেয়েও বড় কথা, ওই ম্যাচে চোট পাওয়ায় মঙ্গলবার খেলতে পারবেন না রক্ষণদুর্গের অন্যতম প্রহরী রিকার্ডো কারভালহো। পায়ে অস্ত্রোপচার করানো মিডফিল্ডার মাইকেল বালাককে তো পাচ্ছেই না তারা। সুখবর একটাই, দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে প্রথম লেগ মিস করা মাইকেল এসিয়েন ফিরছেন এ ম্যাচে।

ইংলিশ লিগে গত সপ্তাহের ম্যাচে আরো খারাপ করেছে লিভারপুল। পোর্টসমাউথের কাছে ১-২ গোলে হেরেছে তারা। অবশ্য ওই ম্যাচে বিশ্রাম পাওয়া তারকারা মঙ্গলবারের ম্যাচে ফিরবেন, সুতরাং এটা খুব বড় খবর লিভারপুলের জন্য।

রোমের ম্যাচে জয়ের জন্য মরিয়া মিলান অভিজ্ঞ স্ট্রাইকার ফিলিপ্পো ইনজাঘিকে প্রথম একাদশে খেলানোর কথা ভাবছে। মাঠে নামলে রুনির সঙ্গে দারুণ একটা লড়াই হবে তার। সেমিফাইনালের প্রথম লেগে মিলানকে হারিয়ে দেওয়া ইংল্যান্ডের এই তরুণ আছেন দুর্দান্ত ফর্মে। এই শনিবারই ইংলিশ লিগের এক ম্যাচেও গুরুত্বপূর্ণ একটা গোল করেছেন তিনি, সুবাদে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে এভারটনকে ৪-২ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। ওই জয়ে ইংলিশ লিগের শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে তারা।