সহঅধিনায়ক হলেন আশরাফুল, রাজিনের কপাল পুড়লো
বিদায়ের ঘন্টা বাজছে হাবিবুল বাশারের ওয়ানডে ক্যারিয়ারে। কিন্তু তারপর কে?
বাতাসে জোর গুঞ্জন, ভারতের বিপক্ষে সিরিজের পরই ওয়ানডে থেকে অবসর নেবেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক আর তারপর সেই দায়িত্বে আসবেন মোহাম্মদ আশরাফুল। সে রকম একটা আভাস দিলেন নির্বাচকরাও। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে হাবিবুলের নতুন ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল।
বিশ্বকাপ অভিযান শেষে ফেরা দলটিতে বড় কোনো পরিবর্তনও হয়নি, কেবল বাদ পড়েছেন বিশ্বকাপে কোনো ম্যাচই খেলার সুযোগ না পাওয়া রাজিন সালেহ। বাকি দলটা অপরিবর্তিত। বিশ্বকাপে ১৫ জনের দল ছিল, রাজিনকে ছাড়া ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডেতে দলে থাকছেন ১৪ জন।
সোমবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে এই দল। দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলে কারা থাকবেন সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। নির্বাচকরা জানিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম দুটি ওয়ানডের পর।
বাংলাদেশ দল: হাবিবুল বাশার (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল (সহঅধিনায়ক) জাভেদ ওমর, তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, শাহাদত হোসেন, ও ফরহাদ রেজা।
