দক্ষিণ এশিয়ান গেমসকে সামনে রেখে বিওএর মহাপরিকল্পনা
দক্ষিণ এশিয়ান গেমসকে সামনে রেখে আগামী দেড় বছরের জন্য একটি পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা ১৫০ কোটি টাকা চেয়ে একটি বাজেট পেশ করেছে ক্রীড়ামন্ত্রনালয়ের কাছে।
আঁতকে ওঠার মতোই বাজেট। আগামী জুলাই থেকে শুরু করে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেড় বছরের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। শুধু দক্ষিণ এশিয়ান অলিম্পিক গেমসের জন্য নয়, মূল উপলক্ষ এই গেমস হলেও এই বাজেটের আওতায় রাখা হয়েছে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস ও বাংলাদেশ গেমসকেও।
দক্ষিণ এশিয়ান গেমসের পরবর্তী আসরের ভেন্যু ঢাকা। আয়োজনের সময় নিয়ে ইতিমধ্যে অনেক কথাবার্তা হলেও রোববার বিওএ-র সিওও (চিফ অপারেটিং অফিসার) কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ নিশ্চিত করে বলেছেন, “অন্য দলগুলোকে আমরা বলে দিয়েছি, ২০০৮ সালের ডিসেম্বরে আমরা দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন করতে পারবো না। ওই সময় ঈদ এবং আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও সম্ভাবনা আছে। তাই ২০০৯ সালের জানুয়ারিতে গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যরাও মেনে নিয়েছে তা।”
এই গেমসের জন্য বিওএ এখন থেকেই অ্যাথলেটদের প্রশিক্ষণ শুরু করে দিতে চায়। প্রশিক্ষণের ফল দেখারও ব্যবস্থা করা হয়েছে। আগামী বছর জানুয়ারিতে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস এবং ফেব্রুয়ারি-মার্চে হবে বাংলাদেশ গেমস। “এই দুটো গেমসে আমাদের অ্যাথলেটদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দক্ষিণ এশিয়ান গেমসের অ্যাথলেট ও দল নির্বাচন করা হবে”-বলেছেন কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ।
তার আগে দেড় বছর টানা প্রশিক্ষণের জন্য ৩৫ কোটি টাকা বাজেট ধরেছে বিওএ। গেমসে অংশগ্রহন ও আয়োজনের জন্য ৭৭ কোটি টাকা এবং গেমসের ভেন্যু সংস্কার, নানা যন্ত্রপাতি কেনা ইত্যাদির জন্য অনুমিত ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি টাকা। ১০ এপ্রিল ১৫০ কোটি টাকার এই বাজেট ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর পর গত ২২ তারিখ আবার চিঠি দিয়ে তাগাদা দিয়েছে বিওএ। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়নি। সুতরাং অনুমোদনের বিষয়টি এখনো অনিশ্চিত।
এদিকে দক্ষিণ এশিয়ান গেমসে ক্রিকেট ও গলফের অর্ন্তভূক্তি অনেকটা নিশ্চিত। প্রত্যেকটা দেশকে বলা হয়েছে তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে, যেন গেমসের ক্রিকেট দলগুলো নিজেদের দেশের জাতীয় অলিম্পিক কমিটির অধীনেই থাকে। গেমসের ক্রিকেট দলের সুবাদে কোনো স্পন্সর পাওয়া গেলেও তা নিয়ে যেন পরে অলিম্পিক কমিটির সঙ্গে ক্রিকেট বোর্ডের বিরোধ না হয়, সেজন্য আগেভাগেই আলোচনা সেরে ফেলার তাগিদ দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। গেমসে নতুন অন্তর্ভূক্ত ডিসিপ্লিন ক্রিকেটে অংশ নেবে প্রত্যেক দেশের ‘এ’ দল এবং প্রতিদ্বন্দ্বিতা হবে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের ফরম্যাটে।
