তারুণ্যের ঝলক দেখালো ঢাকা মোহামেডান
ঢাকা মোহামেডান ৩ : ফরাশগঞ্জ ১ ব্রাদার্স ১ : চট্টগ্রাম মোহামেডান ০ শুরুর দিকের অগোছালো মোহামেডান এখন দারুণ ছন্দে। ক্রমশ প্রকাশিত হচ্ছে তাদের তারুণ্যের শক্তি। সুবাদে সাদা-কালো জার্সিধারীরা শনিবার ফরাশগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে।
এর ফলে পিছিয়ে পড়া ঐতিহ্যবাহী দলটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে থাকা ওই তিন দলের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে ঢাকা মোহামেডান।
চট্টগ্রামে ব্রাদার্স ইউনিয়ন বড় এক বাধা টপকেছে চট্টগ্রাম মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে। তিন ম্যাচ পর পাওয়া এই জয়ে ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।
ম্যাচের শুরুতেই গোল করে সবাইকে চমকে দিয়েছিল ফরাশগঞ্জ। ১৯ মিনিটে আলীর থ্রু ধরে রবিন কোনাকুনি শটে এগিয়ে নেন পুরনো ঢাকার দলটিকে। এগিয়ে থাকাটাই যেন তাদের ভালো খেলার প্রেরণা জুগিয়েছিল এবং সে কারণে তারপর কয়েকবার মোহামেডানের রক্ষণভাগে হানাও দিয়েছিল বিপজ্জনকভাবে। তাতে কোনো ফল হয়নি। তবে মোহামেডান বেশ চাপের মধ্যেই পড়ে গিয়েছিল গোল না পাওয়ায়।
অবশেষে মোহামেডান গোলের দেখা পায় প্রথমার্ধ শেষের মিনিট খানেক আগে। ফরহাদের লম্বা পাস আয়ত্তে নিয়ে ডিভাইন পেনাল্টি বক্সে যখন মারাত্মক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই ফাউল করেন ফরাশগঞ্জের ডিফেন্ডার রিয়াদ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং পল সেই সুযোগ কাজে লাগিয়েই ম্যাচে ফেরান মোহামেডানকে।
৫৬ মিনিটে আবার পলকে গোলের সুযোগ করে দেন ফরহাদ। তার বাড়িয়ে দেওয়া বলে সাইডভলি করে পল দ্বিতীয় গোল করে ধরাঁেছায়ার বাইরে নিয়ে যান নিজেকে। ৮ ম্যাচে ১০ গোল করে মোহামেডানের এই নাইজেরিয়ান স্ট্রাইকার এখন গোলাদাতাদের তালিকায় শীর্ষে। তার চেয়ে ৫ গোল কম করে আরামবাগের কেনিয়ান স্ট্রাইকার নিকোডেমাসের দ্বিতীয় স্থানে থাকায় অবশ্য আশ্চর্যের কিছু নেই। রহমতগঞ্জের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেছিলেন পল। তারপর থেকে অন্যদের জন্য শীর্ষগোলদাতা হওয়াকে আর সহজ হতে দেননি নাইজেরিয়ান স্ট্রাইকার।
যা হোক, ম্যাচে এতক্ষণ যিনি গোল তৈরি করেছেন সেই ফরহাদও অবশেষে গোলের দেখা পান ৮০ মিনিটে। একক নৈপুন্যেই বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে পোস্টে বল প্লেসিং করে মোহামেডানের চতুর্থ জয় নিশ্চিত করেন তিনি।
দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক মোহামেডান অনেক বড় প্রতিপক্ষ হলেও এই ম্যাচে তা প্রমাণ করতে পারেনি। এর আগে মুক্তিযোদ্ধাকে হারানো চট্টগ্রাম মোহামেডান শনিবার তাদের কাছে হেরেছে তপুর একমাত্র গোলে। ৫৫ মিনিটে করা এই মিডফিল্ডারের করা গোলই তিন ম্যাচ পর আবার জয়ের স্বাদ দেয় ব্রাদার্সকে।
