২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের সংখ্যা কমে আসছে যুব ফুটবলে

আস্তে আস্তে গোলের সংখ্যা কমে আসছে। উদ্বোধনী দিনের ৫টি হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার কোনো হ্যাটট্রিক হয়নি। শুক্রবার তৃতীয় দিনে হাড্ডাহাড্ডি লাড়াই করেই জিততে হচ্ছে দলগুলোকে। তৃতীয় দিনে ওয়েষ্টার্ণ ইউনিয়ন জাতীয় যুব ফুটবলে মাগুরা, জামালপুর, নরসিংদী, ঝালকাঠি, নীলফামারী জিতেছে। এছাড়া ড্র হয়েছে তিনটি ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নড়াইলে মাগুরা ১-০ গোলে হারিয়েছে গোপালগঞ্জকে। ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেছেন মিন্টু শেখ। শেরপুর ভেন্যুতে জামালপুর ৪-৩ গোলে হারিয়েছে মানিকগঞ্জকে। বিজয়ী দলের মিলন ও শামসুল হক করেছেন দুটি করে গোল। মানিকগঞ্জের রফিক, পিন্টু ও বাবু করেছেন একটি করে গোল। হবিগঞ্জে নরসিংদী ২-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জকে। বিজয়ী দলের আরিফ খান ও আরিফ খন্দকার গোল দুটি করেছেন এবং কিশোরগঞ্জের পক্ষে একটি গোল করেছেন আলো। পটুয়াখালীতে ঝালকাঠি ৩-০ গোলে জিতেছে বরিশালের বিপক্ষে। ফিরোজ দুটি এবং দিদারুল একটি গোল করেছেন। নীলফামারী ১-০ গোলে হারিয়েছে পঞ্চগড়কে, মূল্যবান গোলটি করেছেন রায়হান খান।

এছাড়া তিনটি ম্যাচ ড্র হয়েছে। মুন্সীগঞ্জ ২-২ গোলে ড্র করেছে মাদারীপুরের সঙ্গে। মুন্সীগঞ্জের পক্ষে গোল করেছেন রুবেল ও জয় এবং মাদারীপুরের আলীম ও হৃদয় করেছেন দুটি গোল। ঝিনাইদহ ভেন্যুতে চুয়াডাঙ্গা-রাজবাড়ী ও জয়পুরহাটে রংপুর-নওগাঁ ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়েছে।

এই অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে এবার প্রথম ওয়াকওভারে মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি হয়েছে। ফেনীতে রাঙ্গামাটি ওয়াকওভার পেয়েছে প্রতিপক্ষ কক্সবাজার জেলা দল মাঠে না আসায়।