২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসব

ফুটবল উন্নয়নের জন্য এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) তৃণমূল পর্যায়ে ফুটবল-চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। উন্নয়ন তরান্বিত করার জন্য গত কয়েকবছর ধরে নিজেরাও বিভিন্ন দেশে আয়োজন করে আসছে ফুটবল উৎসব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 10:22 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সেই নিয়মে এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবলের চারবছরের স্থায়ী ভেন্যু করা হয়েছে বাংলাদেশকে। এর প্রথম আসর বসছে আগামী ৪ মে থেকে বিকেএসপিতে। টুর্নামেন্ট চলবে ৮ মে পর্যন্ত।

এতে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ৭টি দল-স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মিয়ানমার। সাফের নবাগত সদস্য হলেও আফগানিস্তান এবার অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। এছাড়া আরো অংশ নিচ্ছে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরঘিস্তান, তাজিকিস্তান ও ইরান। এই ১২ টি দল নিয়ে আগামী ৪ মে থেকে টুর্নামেন্ট শুরু হবে বিকেএসপিতে।

টুর্নামেন্ট আয়োজনের পুরো খরচই দেবে এএফসি। বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, “অতিথি দলগুলোকে রাখার জন্য বিকেএসপিতে আমরা সংস্কার কাজ করেছি। থাকা-খাওয়া এবং টুর্নামেন্ট চালানোর খরচ এএফসি দিয়ে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে এই টুর্নামেন্ট প্রতিবছরই অনূর্ধ্ব-১৩ ফুটবলারদের নিয়ে হবে না, পরের বছর হবে অনূর্ধ্ব-১৪ বছর বয়সীদের নিয়ে।” অর্থাৎ একবার অনূর্ধ্ব-১৩ হলে পরেরবার হবে অনূর্ধ্ব-১৪ বছরের ফুটবল টুর্নামেন্ট। এশিয়ার অন্যান্য দলগুলোকে নিয়ে এরকম আয়োজন হবে এশিয়ার আরো তিনটি ভেন্যুতে।