জাতীয় ফুটবলের উদ্বোধনী দিনেই পাঁচটি হ্যাটট্রিক
ওয়েস্টার্ণ ইউনিয়ন জাতীয় যুব ফুটবলের উদ্বোধনী দিনেই ৫টি হ্যাটট্রিক হয়েছে। আটটি ম্যাচ হলেও মাত্র দুটো ম্যাচেই হয়েছে ৫টি হ্যাটট্রিক, করেছেন ঢাকা গফুর ও জুয়েল এবং গাইবান্ধার জীবন, রুবেল ও মাহমুদুল হাসান।
বুধবার জাতীয় অনূর্ধ্ব-১৮ ফুটবলের উদ্বোধনী দিনে ঢাকা, গাইবান্ধা, পাবনা, খুলনা, টাঙ্গাইল ও বিকেএসপি জিতেছে। এছাড়া সিলেট-কিশোরগঞ্জ এবং নোয়াখালী-রাঙ্গামাটি ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়েছে।
শরিয়তপুরে ঢাকা ৭-১ গোলে হারিয়েছে মাদারীপুরকে। ঢাকার গফুর ও জুয়েলের হ্যাটট্রিক ছাড়াও মাহবুব একটি গোল করেছেন। মাদারীপুরের সানবীর করেছেন একটি গোল। লালমনিরহাটে গাইবান্ধা ৯-০ গোলে হারিয়েছে পঞ্চগড়কে। তিনজনে মিলেই ৯ গোল করেছেন, মানে তিন তিনটি হ্যাটট্রিক করেছেন জীবন, রুবেল ও মাহমুদুল হাসান।
ঝিনাইদহে পাবনা ৩-০ গোলে হারিয়েছে রাজবাড়ীকে। সুমন কুমার দুটি ও রাশেদুল ইসলাম করেছেন একটি গোল। নড়াইলে খুলনা ২-১ গোলে হারিয়েছে গোপালগঞ্জকে, বিজয়ী দলের হালদার করেছেন দুটি গোল। গোপালগঞ্জের পলাশ শোধ করেছেন একটি গোল। শেরপুরে টাঙ্গাইল রফিকুল ইসলামের একমাত্র গোলে হারিয়েছে মানিকগঞ্জকে। পটুয়াখালীতে বিকেএসপি ২-০ গোলে হারিয়েছে বরিশালকে। গোল করেছেন সোহেল ও তৌহিদ।
হবিগঞ্জে সিলেট ১-১ গোলে ড্র করেছে কিশোরগঞ্জের সঙ্গে। সিলেটের কামরুল ও কিশোরগঞ্জের রাজু একটি করে গোল করেছেন। ফেনীতে নোয়াখালী ১-১ গোলে ড্র করেছে রাঙ্গামাটির সঙ্গে। নোয়াখালীর ডালিম ও রাঙ্গামাটির নরেশ চাকমা একটি করে গোল করেছেন।
