আরামবাগ হারিয়েছে শেখ রাসেলকে
আরামবাগ ১ : শেখ রাসেল ০ শেখ রাসেল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও বুধবার সেই সম্মান অটুট রেখে খেলতে পারেনি তারা। বরং তুলনায় অনেক বেশি উজ্জ্বল ছিল আরামবাগ ক্রীড়া চক্র। তার নিট ফল হচ্ছে, আরামবাগ ১-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।
একমাত্র গোলটি করে তারা ৭ মিনিটে। ডানপ্রান্ত থেকে ডমিনিকের কর্ণার কিকে ব্যাকহিল করেন রিতু, তারপর ছোট্ট এক টোকায় উগান্ডার ইডি বল জড়িয়ে দেন শেখ রাসেলের জালে। খেলার শুরুতে করা এই গোল শেষপর্যন্ত ধরে রেখে আরামাবাগের ম্যাচ জেতার মানে দাঁড়াচ্ছে শেখ রাসেলের হাতে নিয়ন্ত্রণ ছিল না ম্যাচের।
ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এবং আধিপত্য ছিল আরামবাগের খেলোয়াড়দের পায়ে। বাড়তে পারতো গোলের ব্যবধানও, নিকোডিমাস ও রিতু দ্বিতীয়ার্ধে দুটো সহজ সুযোগ নষ্ট না করলে শেখ রাসেলের পরাজয় হতো আরো লজ্জাকর।
একবারই কেবল গোল শোধের সুযোগ পেয়েছিল শেখ রাসেল। ৪৯ মিনিটে ডানদিক থেকে ইউনুসের ক্রসে তানভীরের কোনাকুনি শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়। এই হারে ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট, আরামবাগ ৭ ম্যাচ খেলে পেয়েছে ১৩ পয়েন্ট।
