কাকা-রুনির লড়াইয়ে জিতে এগিয়ে রইলো ম্যান ইউ
প্রথমার্ধে লড়াইটা হয়েছে কাকা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। সেখানে কাকা জিতলেও দ্বিতীয়ার্ধে এই লড়াইয়ের চেহারা পুরো উল্টে গিয়ে হয়ে উঠলো এসি মিলান বনাম ওয়েন রুনি।
আর তাতে জয় রুনির। ব্রাজিলিয়ান কাকার দুই গোলের জবাবে নিজে দুই গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার, আর ইনজুরি সময়ে করা তার দ্বিতীয় গোলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রেড ডেভিলদের এনে দিয়েছে ৩-২ গোলের জয়।
শুধু শেষটাই অবশ্য নয়, নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুটাও ছিল স্বপ্নের মতোই। ৫ মিনিটের মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় তারা। তাতে অবশ্য মিলানের গোলরক্ষক দিদার অবদানও কম নয়। রায়ান গিগসের কর্ণার কিক ঠেকাতে গিয়ে তিনি পোস্ট ছেড়ে বেরিয়েছিলেন কিন্তু বলের নাগাল পান রোনালদোর হেডের পর। তা-ও বোধহয় আঙ্গুল ছোঁয়াতে পেরেছেন একটুখানি, তাতে কী আর বলের গতিপথ বদলানো যায়! ম্যান ইউয়ের এমন শুরুর পর মনে হয়েছিল রোমার মতো না হলেও বড় এক হার অপেক্ষা করছে এসি মিলানের জন্য। কারণ মাঠজুড়ে তখন স্বাগতিকদের আধিপত্য।
কিন্তু ২২ মিনিটে সেই গোল শোধ করে ম্যাচের গতিপথ পাল্টে দেন কাকা। বাঁদিক থেকে বাড়ানো ক্ল্যারেন্স সিডর্ফের পাস ধরে দুরন্ত গতিতে ডিফেন্ডার গ্যাব্রিয়েল হাইঞ্জকে ছিটকে ফেলে কাকা বাঁ পায়ের মাপা প্লেসিং শটে ম্যান ইউ গোলরক্ষক ফন ডার সারকে পরাস্ত করেন। তার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় মিলানের খেলোয়াড়দের পায়ে। ১৫ মিনিট পরেই ম্যানচেস্টার ডিফেন্সের দূর্বলতার সুযোগ নিয়ে কাকা দ্বিতীয় গোল করে মিলানকে ২-১ গোলে এগিয়ে নেন।
এগিয়ে থাকা মিলান জয়ের স্বপ্নে বিভোর হয়ে চিরায়ত ডিফেন্সিভ খেলা ভুলে গিয়ে আক্রমণে মনযোগী হয়। এবং ব্যবধান বাড়ানোর মতো বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কাকার সামনেও ছিল হ্যাট্রিকের হাতছানি। ৫৬ ও ৫৭ মিনিটে চমৎকার দুটো সুযোগ নষ্ট করেছেন তিনি বাইরে মেরে। তাতে ক্ষতি হয় দু তরফে-নিজের হ্যাট্রিক মিস এবং মিলানের হার মেনে মাঠ ছাড়তে হয়ছে। ব্যবধান বেড়ে গেলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে ম্যাচে ফেরা কঠিন হতো।
কাকার ঝলকানি থামার পর শুরু করেন ওয়েন রুনি। ৫৯ মিনিটে তিনি ডি বক্সের ওপর থেকে পল স্কলসের বাড়ানো বলটি মিলানের জালে জড়িয়ে দিয়ে ওল্ড ট্র্যাফোর্ড মাতিয়ে তোলেন। সেই গোলের পর আবার শুরুর চেহারা ম্যানচেষ্টার ইউনাইটেডের খেলায়। একের পর এক আক্রমণ করে এবং কয়েকবার দুর্দান্ত সেভ করেন মিলানের ব্রাজিলিয়ান গোলরক্ষক দিদাও। কিন্তু সেই আক্রমণের ঝড়ের তোপে শেষপর্যন্ত আর তিনি পেরে ওঠেননি। ইনজুরি সময়ে ডানদিক থেকে গিগস আক্রমণে ওঠেন, তার পাস ধরে রুনি ২০ গজ দূর থেকে ডান পায়ের প্রচন্ড এক শটে উৎসবের আমেজ এনে দেন পুরো স্টেডিয়ামে।
এমন সময়ই রুনির গোল করেছেন কাকার জবাব দেওয়ার সময় নেই। অপেক্ষা করতে হবে মিলানের মাঠে ম্যাচের জন্য।
