২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর কাছ থেকে পয়েন্ট কেড়ে নিলো ব্রাদার্স

ঢাকা আবাহনী ০ : ব্রাদার্স ০ নাঈমুদ্দিনের কাছে আবারো হেরে গেলেন ক্রুসিয়ানি ! এমনিতেই দেশীয় তারকা-সম্মীলনে উজ্জ্বল ঢাকা আবাহনী, সঙ্গে আর্জেন্টাইন ও ঘানাইয়ান ফুটবলার; বহুজাতিক এই নীল-আকাশী শক্তির চূড়ান্ত রূপটা মাঠে অনুদিত করতে পারেননি আবাহনীর আর্জেন্টাইন কোচ ডিয়েগো ক্রুসিয়ানি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 12:07 AM

Updated : 26 Apr 2022, 02:16 PM

এই দলের সঙ্গেই গোলশূন্য ড্র করেছে সৈয়দ নাঈমুদ্দিনের সাদামাটা ব্রাদার্স। ম্যাচ জিততে না পারলেও তথাকথিত সবলের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নেওয়াটাও ব্রাদার্স কোচের জয়। বাড়তি হিসেবে ম্যাচ শেষে নাঈমুদ্দিন পেয়েছেন প্রতিপক্ষ কোচের কাছ থেকে দুর্দান্ত সনদ, “ব্রাদার্স অনেক সংগঠিত, তারা ভালো খেলছে। দ্বিতীয় লেগে গিয়ে অনেক বড় দলকেও হারিয়ে দিতে পারে তারা।” পরোক্ষভাবে ব্রাদার্সের ভারতীয় কোচের জন্যই এটা দারুণ এক প্রশংসা।

মানে দাঁড়াচ্ছে, নাঈমুদ্দিন সাদামাটা এক দলে আস্তে আস্তে রঙের ছোঁয়া লাগাতে পারলেও সেই কাজে ব্যর্থ আবাহনীর আর্জেন্টাইন কোচ। তার সঙ্গে একই বন্ধনীতে রাখতে হবে দেশ থেকে সঙ্গে করে নিয়ে আসা দুই আর্জেন্টাইন পেরোডি ও সানচেজকে। ব্যতিক্রম তৃতীয়জন-ক্যাপোরালে, ইনজুরির কারণে ডিফেন্সে ঔজ্জ্বল্য ছড়ানো এই আর্জেন্টাইনকে বাইরে রেখেই মঙ্গলবার নামতে হয়েছে আবাহনীকে। আর তাতেই এলোমেলো শিরোপা প্রত্যাশীদের ডিফেন্স। ব্রাদার্সের নাইজেরিয়ান স্ট্রাইকার জুনিয়রের দুটো দৌঁড়েই আবাহনীর গোলমুখ প্রায় হা হয়ে যায় !

৭৪ মিনিটে অফসাইড ট্র্যাপ করতে গিয়ে বিপদে পড়ে আবাহনী। ট্র্যাপ ভেঙ্গে বেরিয়ে পড়া জুনিয়রের সঙ্গে দৌড়ে হার মেনেছেন আবাহনী ডিফেন্ডাররা, কিন্তু ভাগ্য ভালো যে বক্সের বাঁ-দিক থেকে এই নাইজেরিয়ানের নেওয়া বাঁক খাওয়ানো শটটি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৮১ মিনিটেও তিনি এভাবে বিপজ্জনক হয়ে উঠেছিলেন, সেবার তার শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার প্রদীপ। এছাড়া আরো একবার ব্রাদার্সের গোল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ৭৩ মিনিটে চলন্ত বলে শাকিলের ভলি ঠেকিয়ে সে যাত্রায় দলকে রক্ষা করেছেন আবাহনীর গোলরক্ষক বিপ্লব।

পুরো ম্যাচে প্রতিপক্ষের আক্রমন ঠেকানোয় বেশি পয়েন্ট পাবে ব্রাদার্সের ডিফেন্স। জুয়েল ও মাসুদ রানাকে নিয়ে গড়া ব্রাদার্স ডিফেন্স ভাঙ্গতেই পারেননি আবাহনীর দুই বিদেশী স্ট্রাইকার। জুয়েল একবার ভুল করেছেন, সুবাদে আবাহনীর গোল পাওয়ার মতো সুযোগ তৈরি হয় ৭২ মিনিটে। ব্রাদার্সের এই ডিফেন্ডার বলটা ঠিকমতো রিসিভ করতে না পারায় ঘানার ইব্রাহিম সুযোগ পেয়েছিলেন বক্সের মধ্যে, কিন্তু গোলরক্ষক নিজাম মজুমদার অবিশ্বাস্য দক্ষতায় তা ঠেকিয়ে দলকে বাঁচিয়েছেন। ৮৭ মিনিটে জাহিদের কর্ণার থেকে নজরুলের শট ডাইভ দিয়ে ঠেকিয়ে আরেকবার দলকে বাঁচিয়েছেন বি. লিগে অভিষেক হওয়া এই ব্রাদার্স গোলরক্ষক। সুযোগ পেয়ে চমৎকার কিপিং করে বিপদে ফেলে দিয়েছেন দলের নিয়মিত গোলরক্ষক আলীকে।

সেটাই চাচ্ছিলেন ব্রাদার্স কোচ সৈয়দ নাঈমুদ্দিন। যেন সবার মধ্যেই একটা প্রেরণা আসে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন প্রত্যেকে। আবাহনীর বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদ দেখে তিনি সন্তুষ্ট, “জিতলে ভালো হতো। তবে আস্তে আস্তে সবাই উজ্জিবীত হচ্ছে। টাকা কম পেলেও তারা মাঠে নামলে ওসব ভুলে যায়, জেতার চেষ্টা করে। এটাই ভালো লাগছে।” কথাটায় যেন সূক্ষ্ম খোঁচাও আছে আবাহনীর খোলোয়াড়দের প্রতি। লাখ লাখ টাকা পারিশ্রমিক নেওয়া আবাহনীর ফুটবলাররা সত্যিই পারিশ্রমিকের তুলনায় কিছুই দেখাতে পারেননি এই ম্যাচে।

তারপরও অবশ্য ঢাকা আবাহনী ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে শেখ রাসেল ও মুক্তিযোদ্ধার সঙ্গে। আর ব্রাদার্সের সংগ্রহ ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট।

দিনের অন্য ম্যাচে খুলনা স্টেডিয়ামে স্বাগতিক খুলনা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা। তাতে ৮ ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার সংগ্রহ বেড়ে হয়েছে ১৫ আর খুলনা আবাহনীর ৭ পয়েন্ট। প্রথমে আলফাজের গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি মুক্তিযোদ্ধা। ২৯ মিনিটে কাঞ্চনের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন আলফাজ। ৪০ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন খুলনা আবাহনীর মামুন।