২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবিউর রহমান পালোয়ানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করার পরও তিনি ফেডারেশনের ব্যাংক অ্যাকউন্ট থেকে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা তুলে নিয়েছেন বলে পরিষদের দাবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 06:50 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এই অভিযোগের কথা জানিয়ে মঙ্গলবার তাবিউর রহমানের কাছে একটি চিঠিও পাঠিয়েছে ক্রীড়া পরিষদ। আগামী ৩০ এপ্রিলের মধ্যে পুরো টাকা ফেরত দিতে বলা হয়েছে, নইলে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করা হবে বলে জানিয়েছেন পরিষদ সচিব আমিনুল ইসলাম খান।

শুধু তাবিউর রহমান নয়, সঙ্গে অভিযুক্ত ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ মাসুদুর রহমানও। দুজনই কুস্তি ফেডারেশন থেকে পদত্যাগ করেছিলেন গত ২৫ ফেব্রুয়ারি। ভয়াবহ ব্যাপার হচ্ছে, পদত্যাগী হয়েও তারা ফেডারেশনের ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলেছেন ! সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা ও অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ শাখায় ফেডারেশনের দুটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকা তুলেছেন বলে ক্রীড়া পরিষদের অভিযোগ। কিন্তু এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান বলেছেন, “সেই টাকা তো আমি ফেডারেশনের জন্যই খরচ করেছি। আমি কেন ফেরত দেবো টাকা?” দুর্বোধ্য কারণে নিজের পদত্যাগ নিয়েও ধোঁয়াশা তৈরির প্রয়াস পেয়েছেন তাবিবুর, “আমি তো ক্রীড়া পরিষদে পদত্যাগ পত্র দিই নি, দিয়েছিলাম ফেডারেশন সভাপতির কাছে।” তবে নিয়ম অনুযায়ী ফেডারেশন সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই টাকা ওঠাােনর ক্ষমতা হারিয়েছেন তাবিউর রহমান পালোয়ান।