২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচ খোঁজার মিশনে খ্যাতিমান ক্রিকেটারদের রাখতে চায় না বিসিবি!

ক্রিকেটীয় সমস্যার সমাধানে কিংবা সুপরামর্শের জন্য ‘গ্রেট’ সাবেক ক্রিকেটারদের শরণাপন্ন হওয়ার নজির হাতের কাছেই আছে। এই যেমন ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচ নির্বাচন কমিটিতে বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি আছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী এবং শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনদের মতো গ্রেট ক্রিকেটারও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

যারা কোনো না কোনো সময়ে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। অথচ সাবেক খ্যাতিমান ক্রিকেটারদের দারস্থ হওয়া অথবা তাদের সম্মানিত করার ক্ষেত্রে বরাবরই অনীহা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)! তাই ডেভ হোয়াটমোরের উত্তরসুরী নির্বাচন কমিটিতে তাদের রাখার প্রস্তাব কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় উঠলেও তা একদমই ধোপে টেকেনি বলেই খবর। ছয় সদস্যের বিশেষ কমিটিতে জাতীয় দলের দুইজন সাবেক ক্রিকেটার আছেন বটে। কিন্তু এই কমিটির প্রধান এবং বিসিবির সহ-সভাপতি শাহ নুরুল কবীর শাহীন বলছেন আরো বেশি, “ছয় জনের ভেতর তো চারজনই জাতীয় দলে খেলেছেন। এর চেয়ে বেশি আর সাবেক ক্রিকেটার কী রাখবো?”

শামীম কবীর এবং এএসএম ফারুকের জাতীয় দলে খেলার বিষয়টা জানা। শাহীনের কথায় কিন্তু ‘অজানা’ তথ্যের ছড়াছড়ি, “আমি জাতীয় দলে খেলেছি। মাহবুবও (মাহবুব আনাম, বিসিবি সাধারণ সম্পাদক) খেলেছে। আর ফারুক ভাই তো জাতীয় দলের অধিনায়কই ছিলেন। শামীম ভাই তো বাংলাদেশের প্রথম অধিনায়ক।”

শাহীনের এই ফিরিস্তি শুনে একই সঙ্গে লজ্জিত এবং বিব্রত এদেশের ক্রিকেটকে শুরু থেকেই দেখে আসা রকিবুল হাসান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে প্রথম নেতৃত্ব দেওয়ার বিষয়টিসহ শাহীনের কথার সবগুলো ‘ভুল’ ও ‘অসংলগ্নতা’ ধরিয়ে দিলেন রকিবুলই, “শাহীন সাহেব কোনোদিনই জাতীয় দলে খেলেননি। মাহবুবও নয়। ফারুক ভাই বাংলাদেশ দলকে কখনো নেতৃত্ব দেননি। শামীম ভাইকে বাংলাদেশের প্রথম অধিনায়ক ধরা হয় ঠিকই। কিন্তু তিনি আসলে এমসিসির বিপক্ষে বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন। আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ার পর আমরা বাংলাদেশ নামে প্রথম খেলতে শুরু করি। তখন অধিনায়ক ছিলাম আমি।”

অবশ্য শাহীনের জাতীয় দলে খেলার দাবি নতুন নয়। ২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের স্মরণিকায় তার পরিচিতিতেও লেখা হয়েছিল, “জাতীয় দলে খেলেছেন।” সেসময় ক্রিকেট সংশ্লিষ্ট সবার মাঝেই ওই মিথ্যাচার ছড়িয়েছিল ক্ষোভের দাবানল। একই সঙ্গে জুুগিয়েছিল হাসির খোরাক। অন্যদের সম্পর্কে তার দেওয়া তথ্যের ভুল রকিবুল ধরিয়ে দিলেন বটে, কিন্তু শাহীনের জ্ঞানের অভাবটা মেটাবে কে! “ক্রিকেট দুনিয়ার খোঁজখবর বিন্দুমাত্র রাখেন না”-শামীম কবীরের বিরুদ্ধে এমন অভিযোগ বিসিবিতে তার সহকর্মীরাই করে থাকেন। কোচ নির্বাচন কমিটিতে আছেন মাঠের সঙ্গে সম্পর্কহীন এমন লোকও। অথচ সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ক্রিকেটার, যাদের ওপর নির্ভর করা যায়, এমন বেশ কয়েকজনকে হাত বাড়ালেই পাওয়া যায়। তাদের প্রত্যেকেই একসময় অধিনায়কও ছিলেন। আকরাম খান ও আমিনুল ইসলাম বুলবুলরা তো আছেনই। ১৯৯৯ বিশ্বকাপের অধিনায়ক বুলবুল এখন কোচ। তাছাড়া বিসিবিতে চাকরি করছেন মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাহমুদ সুজনের মতো সাবেক অধিনায়করা। নান্নু কোচ আর সুজন ক্রিকেট একাডেমির অপারেশন্স ম্যানেজার। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রকিবুল।

নতুন কোচ নির্বাচনের প্রক্রিয়ায় তাদের জড়িত করলে দেশেরই লাভ-কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় এমন প্রস্তাবও তুলেছিলেন কেউ কেউ। এর ফলটা জানাতে গিয়ে একজন বলছেন,“ওই প্রস্তাব খড়-কুটোর মতো উড়ে গেছে।”

রকিবুলও মনে করেন, “দেশে এখন উঁচুমানের অনেক সাবেক ক্রিকেটার আছে। কোচ নির্বাচনের প্রক্রিয়ায় তাদের সঙ্গে আলোচনাটা খুব কাজে দিত। বিশেষ করে মাঠের সঙ্গে নিবিড় যোগাযোগটা এখনো যাদের আছে। খেলোয়াড়দের চাহিদাগুলো ওরা খুব ভালো বুঝত।”

কিন্তু তার আগে তো কর্তৃপক্ষকে বুঝতে হবে তাদের গুরুত্ব। প্রতিবেশী দেশের ক্রিকেট প্রশাসকরা সেটা বুঝলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের যে সেই বোধটাই নেই!