২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মোহামেডানের অপ্রত্যাশিত হার

ফরাশগঞ্জ ৩ : চট্টগ্রাম মোহামেডান ০ শক্তির দিক থেকে দু দলের মধ্যে একটু হলেও এগিয়ে চট্টগ্রাম মোহামেডান। কিন্তু তাদের ৩-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে ফরাশগঞ্জ। এই জয়ে দুই গোল করে বড় ভূমিকা রেখেছেন ফরাশগঞ্জের আলী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 11:34 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বি. লিগের এই ম্যাচে প্রথমার্ধে সমান সমানেই লড়ে গেছে চট্টগ্রাম মোহামেডান। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আর পারেনি। ৫৮ মিনিটে রবিনের পাস আয়ত্বে নিয়ে ডিবক্সের ভেতর থেকে আলী গোল করে এগিয়ে দিয়েছেন ফরাশগঞ্জকে। ৭৫ মিনিটে প্লেসিং শটে মোহামেডানের জালে বল জড়িয়ে দিয়ে ব্যবধান বাড়িয়েছেন তিনি। খালেদের বাঁদিক থেকে চমৎকার এক পাস এই গোলের উৎস।

অবশ্য ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি এসেছে রবিনের পা থেকে ৮৭ মিনিটে। বক্সের ওপর থেকে বল আয়ত্বে নিয়ে এই স্ট্রাইকার প্রথমে দুই ডিফেন্ডার ও তারপর গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বলটি মোহামেডানের জালে ঠেলে ফরাশগঞ্জের জয় নিশ্চিত করেছেন। এই জয়ে ৭ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। আর সমান ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান যুগ্মভাবে চতুর্থ স্থানে আছে ঢাকা মোহামেডানের সঙ্গে।