২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু ব্রাদার্স-আবাহনী নয়, দুই কোচেরও লড়াই

দুজনের কেউই যেন ঝুঁকি নিতে চাননি। গর্ব বা প্রতিশোধের কথা মনে থাকলেও তা মুখে এনে পরিবেশ গরম করতে চাননি দুই কোচ সৈয়দ নাইমুদ্দিন ও ডিয়েগো ক্রুসিয়ানি। তবে তারা মুখে বিস্ফোরন না ঘটালেও প্রেক্ষাপট বলছে মঙ্গলবার আবাহনী-ব্রাদার্স দ্বৈরথে নাইমুদ্দিন-ক্রুসিয়ানির মধ্যেও এক অন্যরকম লড়াই জমে উঠবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 10:04 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ঐতিহাসিক সেই প্রেক্ষাপটটা হচ্ছে, ২০০৫ সালে পাকিস্তানে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাঈমুদ্দিনের ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল ক্রুসিয়ানির বাংলাদেশ। জাতীয় পর্যায় থেকে নেমে দুই বিদেশী কোচ এখন ক্লাব পর্যায়ে। সেখানে দলীয় শক্তিতে আবাহনীর আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানির স্বস্তিতে থাকার কথা থাকলেও মুখে কোনো প্রতিশোধের কথা নেই, “জানি, নাঈমুদ্দিনের দলের কাছে আমরা হেরেছিলাম। কোচ আসলে বড় কোনো ব্যাপার নয়, মাঠে খেলতে হবে খেলোয়াড়দের। ব্রাদার্সকে হারাতে হলেও মাঠে ভালো খেলতে হবে।” ব্রাদার্সের কোচ সৈয়দ নাঈমুদ্দিনও যেন পাকিস্তানে পাওয়া সেই জয় বেশি কপচাতে চাননা, “প্রত্যেক কোচেরই গেম প্ল্যান থাকে, কিন্তু সে অনুযায়ী খেলার দায়িত্ব খেলোয়াড়দের। বাংলাদেশকে হারানো ওই ম্যাচে তাই খেলোয়াড়দের কৃতিত্বই বেশি। কালকের (মঙ্গলবার) ম্যাচের বেলায়ও আমি তা-ই বলবো।”

শক্তির বিচার করলে কিন্তু ব্রাদার্স অনেকটাই পিছিয়ে থাকবে। তারকাসমৃদ্ধ দল ভেঙ্গে যাওয়ায় এবার কোনোরকমে একটি দল গড়া হয়েছে প্রথম পেশাদার লিগের জন্য। শক্তি কমে যাওয়ার প্রমাণ তারা ইতিমধ্যেই দিয়েছে মাঠে। ৬ ম্যাচে দুটি জয়, দুটি ড্র ও দুটি হার। কথিত ‘বিগ ম্যাচ’ দুটির একটিতেও জয় নেই-শেখ রাসেলের সঙ্গে ড্র ও গত ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছে তারা। যার মানে, এই ‘বিগ ম্যাচ’ নিয়েও তাদের শঙ্কা থাকাই স্বাভাবিক। তবে ব্রাদার্সের ভারতীয় কোচের কথায় কোনো শঙ্কা নেই, “গত ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে আমাদের কিছু ভুল ছিল, সেগুলো শুধরানোর চেষ্টা করছি। তবে খেলোয়াড়দের মনোভাব খুবই ইতিবাচক। আর প্রতিপক্ষ নিয়ে বলবো, কাগজে কলমের শক্তিই সব না।”

অর্থাৎ ঢাকা আবাহনীকে মাঠে খেলেই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গত চারটি পরীক্ষায় ঘানাইয়ান-আর্জেন্টাইন-বাংলাদেশীর সমম্বয়ে গঠিত বহুজাতিক দলটি উত্তীর্ণ, গত চার ম্যাচেই পেয়েছে পুরো ৩ পয়েন্ট করে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ঢাকা আবাহনী দ্বিতীয় স্থানে। শেখ রাসেল এক পয়েন্টে এগিয়ে আছে একটি ম্যাচ বেশি খেলে। কিন্তু আবাহনী কোচ দলের ওই ‘বহুজাতিক শক্তি’ এবং এগিয়ে থাকাটাকে বড় করে দেখছেন না, “ব্রাদার্সের চেয়ে শক্তিতে এগিয়ে থাকলেও এটা মনে রাখতে হবে, বড় দলও হেরে যায় মাঠে পারফর্ম করতে না পারলে। তবে আমরা আত্মবিশ্বাসী।”

এটাও ঠিক, দলের শক্তির মাপে কোনো ম্যাচেই এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি নীল-আকাশীরা। এখনো পর্যন্ত যে আবাহনীকে দেখা গেছে তাকে খেলার সৌন্দর্য ও ছন্দহীন আবাহনী বললেও বোধহয় খুব বাড়িয়ে বলা হবে না। এর মধ্যেও ক্রুসিয়ানির চোখে ইতিবাচক দিক হচ্ছে, “ফরোয়ার্ড লাইনের যে গোল খরা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে।” কিন্তু এই ম্যাচের আগে তাকে ভাবিয়ে তুলেছে দুটো ইনজুরি-আর্জেন্টাইন ডিফেন্ডার ক্যাপোরালের হাঁটুতে আঘাত এবং উজ্জ্বলের কুচকিতে চোট। এ ম্যাচে তাদের জায়গা নেবেন প্রদীপ ও আবুল। এই দুটোকে ঘাটতির জায়গা ধরলেও ঢাকা আবাহনী শক্তির তুল্যমূল্যে এখনো এগিয়ে।

কারণ, ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়ন এখন চট্টগ্রাম মোহামেডান, আরামবাগের চেয়েও পিছিয়ে ! সেখান থেকেই নাঈমুদ্দিন হাঁকডাক দিচ্ছেন, আবাহনীকে পরীক্ষায় নামানোর কথা বলছেন ! কীসের জোরে? সেটা তার নতুন কোনো রণকৌশল নয় তো ? ব্রাদার্সের সম্বল তো এখন ওটুকুই!