ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মোল্লাবিহীন কমিটি
অবশেষে বিতর্কিত গোলাম রসুল মোল্লার সংশ্লিষ্টতার অবসান হলো ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায়। সংস্থার দায়িত্ব নেওয়ার জন্য রোববার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
ঢাকা বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ১৫ জনের নতুন এক অ্যাডহক কমিটি করা হয়েছে। তাতে দুই সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার উপ মহা পুলিশ পরিদর্শক ও ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক)। যে পদে আগে গোলাম রসুল মোল্লা ছিলেন সেই সাধারণ সম্পাদক পদে নতুন মুখ ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া অফিসার তারিকুজ্জামান নান্নু, কোষাধ্যক্ষ ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী গোলাম কুদ্দুস নবী।
এছাড়া ১০ সদস্যদের ৯ জনই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে আছেন এমন সংগঠক। তারা হলেন ফরিদপুরের অধ্যাপক ফখরুজ্জামান, ময়মনসিংহের আমীর আহমেদ চৌধুরী, নারায়ণগঞ্জের এ জেড এম ইসমাইল বাবুল, কিশোরগঞ্জের এম এ বারী খান, মানিকগঞ্জের খোরশেদ আলম চৌধুরী, গোপালগঞ্জের সোহরাব হোসেন, শেরপুরের মোখসেদুর রহমান হিমু, শরীয়তপুরের আবদুস সালাম ও রাজবাড়ীর মোয়াজ্জেম হোসেন। অন্য এক সদস্য হলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোনো বিতর্ক যেন না হয় সেজন্যই ঢাকার বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে স্থানীয় সংগঠকদের বাছাই করে এই কমিটিতে রাখা হয়েছে।
এর আগে মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়া ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার পুরনো কমিটি ভেঙ্গে দিয়েছিল জাতীয় ক্রীড়াপরিষদ। তারপর ঢাকা বিভাগীয় কমিশনার নতুন যে অ্যাডহক কমিটি গঠন করেন তা ভীষণ সমালোচনার মুখে পড়ে মোল্লার মত বিতর্কিত লোকের অন্তর্ভুক্তিতে। তাই সেই কমিটির অনুমোদন না দিয়ে সরকার নতুন অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে।
