সেনাবাহিনীর সঙ্গে লড়ছে দীন-হীন বিজেএমসি
যারা প্রতিযোগী, তারাই দর্শক। একেবারে খাঁ খাঁ করা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৩২তম জাতীয় অ্যাথলেটিকস। অ্যাথলেটিকস ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবার নাকি দল সংখ্যা বেড়ে হয়েছে ৪৯টি। অ্যাথলেটদের সংখ্যাও নাকি বেড়েছে। আপাতভাবে সেগুলোকে উন্নতির লক্ষণ মনে হলেও অ্যাথলেটদের পারফরম্যান্সে নেই কোনো উন্নতির চিহ্ন।
শনিবার জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিন পর্যন্ত সমাপ্ত ২২টি ইভেন্টে ৯টা সোনা, ৬টি রূপা ও ৭টি ব্রোঞ্জ জিতে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, কোনো জাতীয় রেকর্ডের দেখা মেলেনি এখনো। কান পাতলেই শোনা যায় অ্যাথলেটদের মুখে হাহাকারের গল্প, আক্ষেপের কথা। এতদিন যারা বাংলাদেশের অ্যাথলেটিকসের মূল চালিকাশক্তি ছিলেন সেই বিজেএমসির অ্যাথলেটরা কয়েকমাস ধরে বেতনহীন।
বিজেএমসির কর্মকর্তা ও ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলমের কন্ঠেও বিজেএমসির দৈন্যের কথা, “অ্যাথলেটরা বেতন পাচ্ছে না, তারপরও নিজ উদ্যোগে প্রতিযোগিতায় এসেছে। জাতীয় অ্যাথলেটিকসের আগে আমরা তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে পারিনি। এখানে তারা যা পারফরম্যান্স দেখিয়েছে তা সম্পূর্ণ নিজেদের কৃতিত্বেই।” এই অ্যাথলেটরাই ৯টি সোনা, ৬টি রূপা ও ৭টি ব্রোঞ্জ জিতে বিজেএমসিকে এখনো দ্বিতীয় স্থানে রেখেছেন, মানে তাদের জোর লড়াই চলছে শীর্ষে থাকা সেনাবাহিনীর সঙ্গে।
এবার এখনো নতুন জাতীয় রেকর্ড না হওয়ার জন্য সাবেক কৃতী অ্যাথলেট ও এখন সেনাবাহিনীর প্রশিক্ষক গোলাম আম্বিয়া প্রস্তুতিহীন জাতীয় অ্যাথলেটিকস আয়োজনকেই দোষারোপ করেছেন, “গতবারও ৩/৪টি নতুন রেকর্ড হয়েছিল, এবার এখনো হয়নি। দেখা যাচ্ছে কোনো দলেরই ভালো প্রস্তুতি নেই। যৌথ বাহিনীর অভিযানের কারণে আমাদের অ্যাথলেটরাও প্রস্তুতি নিতে পারেনি। ওখান থেকে এনেই তাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।”
এই হচ্ছে বাংলাদেশের অ্যাথলেটিকসের চিত্র। অ্যাথলেটরা দক্ষিণ এশীয় গেমসে গিয়ে সোনা জিতে অ্যাথলেটিকসকে সম্ভাবনাময়ের তালিকায় নিয়ে এলেও ফেডারেশন কর্তাদের উদাসীনতায় তার যথারীথি রুগ্ন চেহারা।
