হোয়াটমোরের ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি বিসিবি
বিশ্বকাপের মাঝপথে ডেভ হোয়াটমোর মিডিয়ায় নিজের আগ্রহের কথা জানালেও বিসিবি এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক মাহবুব আনাম যা বলেছেন তাতেও কিছু পরিষ্কার হয়নি, “কাল (বৃহস্পতিবার ) ম্যাচ আছে। তাই কৌশলগত কারণে হোয়াটমোর সম্পর্কে আমরা কিছু জানাতে পারছি না। আমরা চাই সবাই কালকের ম্যাচে মনোনিবেশ করুক।” বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ শেষ হচ্ছে। এ সময়ে কর্তারা মুখ না খুললেও যেরকম আভাস মিলছে তা হচ্ছে হোয়াটমোরের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না বিসিবি। তাদের ঝোঁক নাকি নতুন কোচের দিকেই।
আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে বিসিবির সঙ্গে হোয়াটমোরের চুক্তির মেয়াদ। শ্রীলংকান বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান কোচের বাংলাদেশের ক্রিকেটে আগমন ২০০৩ সালে । এই চার বছরে বাংলাদেশ দলকে নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়। বিশেষ করে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ দল নিজেদের নতুন করে চেনানোর পাশাপাশি খ্যাতির ব্যাপ্তি বেড়েছে, প্রোফাইল সমৃদ্ধ হয়েছে হোয়াটমোরেরও। এই সুযোগটা নিয়েই তিনি বিশ্বকাপের মাঝপথে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন, যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আগ্রহ দেখায়নি এখনও পর্যন্ত। যা কিনা দৃষ্টিকটু মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তার কাছে।
সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ৬ সদস্যের এক কমিটিকে। কমিটিতে আছেন বিসিবির সহ সভাপতি নুরুল কবীর শাহীন, সাধারণ সম্পাদক মাহবুব আনাম, রফিকুল ইসলাম বাবু, এ এস এম ফারুক, শামীম কবীর ও সালমান ইস্পাহানী। তাদের হাতেই হোয়াটমোরের ভাগ্য। তবে চুক্তি নাবায়ন না করে ভারতের বাংলাদেশ সফর উপলক্ষে তারা এক মাস বাড়তি দায়িত্বে থাকার জন্যও প্রস্তাব দিতে পারেন হোয়াটমোরকে।
এই সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক ও সহ অধিনায়ক নির্বাচনের আগে ওই কমিটি নির্বাচকদের সঙ্গে বসবেন। কারণ বিশ্বকাপে অধিনায়ক হাবিবুল বাশার ও সহ অধিনায়ক শাহরিয়ার নাফীসের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়, তাছাড়া বিশ্বকাপ পর্যন্তই তারা দয়িত্বে ছিলেন। তারপর ভারতের সঙ্গে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে ৩০ এপ্রিল।
এছাড়া এতদিন আকার্যকর হয়ে থাকা পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকেও সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে বিসিবি সভায়। তারা আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করবে এবং প্রত্যেক সিরিজ শেষে মূল্যায়নের কাজটাও করা হবে বলে জানিয়েছেন বিসিবি সম্পাদক। এছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন বাসানোর জন্য একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
