শেখ রাসেলের জয় কেড়ে নিলো ফ্লাড লাইট
ফ্লাড লাইটের আলো না জ্বলায় পরিত্যক্ত হয়েছে বি. লিগের শেখ রাসেল-খুলনা আবাহনী ম্যাচ। খেলা শেষ হতে মাত্র ১০ মিনিট বাকি ছিল, এই ক’মিনিটের জন্যই ৩-০ গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থাকা শেখ রাসেল।
বাইলজের ৪.৭ ধারা বলছে, আকস্মিক অঘটনের জন্য খেলা শেষ করা না গেলে পুরো ম্যাচ নতুন করে হবে। সে কারণে বুধবার ৪ টা থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবার হবে শেখ রাসেল-খুলনা আবাহনীর ম্যাচটি। ওই দিনের নির্ধারিত ঢাকা আবাহনী-ব্রাদার্স ম্যাচটি একদিন পিছিয়ে হবে পরের দিন।
অন্যান্যদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বললেও মঙ্গলবার জ্বলেনি। ম্যাচের ৬৮ মিনিটেই প্রথম খুলনা আবাহনীর খেলোয়াড়রা আলোর অভাবের অভিযোগ করেন রেফারির কাছে। ৭২ মিনিটে তৃতীয় গোল হজম করার পর তারা নাকি আবার বিষয়টি জানান রেফারি আব্দুল হান্নান মিরনকে। খুলনা আবাহনীর অধিনায়ক আশরাফের দাবি, “আমি রেফারিকে বলার পর তিনি আমাকে হুমকি-ধামকি দেন। বলেন, না খেললে কার্ড দেখাবেন, সাসপেন্ড করবেন, ইত্যাদি ইত্যাদি।” কিন্তু শেষপর্যন্ত আর খেলা চালাতে পারেননি মিরন, অন্ধকার হয়ে যাওয়ায় ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে বন্ধ করে দিতে হয় খেলা।
কারিগরি ত্রুটির কারণেই ফ্লাড লাইট নিয়ে এই সমস্যা হয়েছে। কিন্তু বাফুফের কমিউনিকেশন ম্যানেজার আহমেদ সাঈদ আল ফাতাহ বাইলজের যুক্তি দিয়ে দায় চাপিয়েছেন শেখ রাসেলের ঘাড়ে, “এটা শেখ রাসেলর হোম ম্যাচ। মাঠ এবং অন্যান্য আনুষাঙ্গিকের দায়িত্বও তাদেরই।” কিন্তু শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীর চোখে দায়ী বাফুফে, “বাফুফের উচিত ছিল সকালে ফ্লাডলাইট নিশ্চিত করা। আমরা দায়ি হলে তো বাফুফেই আমাদের আনুষ্ঠানিকভাবে জানাতো, কারণ এতে করে খুলনা আবাহনীর এক দিন বেশি থাকতে হচ্ছে ঢাকায়, মানে খরচ বেড়ে গেছে। এখানেই তো পরিষ্কার হয়ে যায়, বিদ্যুতের দায়িত্বটা কাদের ছিল।”
