জাতীয় দাবার এক অসামান্য উপহার
একই সঙ্গে গ্র্যান্ডমাস্টার খেতাবের জন্য তৃতীয় নর্ম ও ৩৩-তম জাতীয় দাবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন আর্ন্তজাতিক মাস্টার আব্দুল্লাহ আল রাকিব। সেটা আগের দিনের ঘটনা, সোমবার প্লে অফ ম্যাচ জিতে রানার আপ হয়েছেন এনামুল হোসেন রাজীব।
চট্টগ্রাম মোহামেডানের এই আন্তর্জাতিক মাস্টার হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে, সুবাদে বিমানের এই গ্র্যান্ডমাস্টার তৃতীয় হয়েছেন। নির্ধারিত ১৩ ম্যাচ শেষে দুজনের সংগ্রহ ছিল সাড়ে ৯ পয়েন্ট করে।
সবচেয়ে বিস্ময়কর হচ্ছে রাকিবের তৃতীয় নর্ম অর্জন। কারণ মার্কেন্টাইল ব্যাংক জাতীয় দাবায় তার শুরুটা হয়েছিল হার দিয়ে, ওই রাজীবের কাছেই হেরে গিয়েছিলেন নারায়ণগঞ্জের এই দাবাড়ু। তারপর থেকেই নিজেকে মেলে ধরতে শুরু করেন এবং ১২ ম্যাচের মধ্যেই জিতেছেন ১০, ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও শাকিলের সঙ্গে ম্যাচ দুটি। অমন বাজে শুরুর পর দুর্দান্তভাবে ফেরা এই দাবাড়ুকেই মানায় ‘পেশাদার’ হিসেবে। শব্দটা তিনিই ব্যবহার করেন, যার কল্পনার জগতে আছে আপাত কঠিন এক বিলাসী স্বপ্ন-দাবার কাছে বন্ধক রাখতে চান জীবন-জীবিকার সবকিছুই। এদেশের প্রেক্ষাপটে তার পরিবার-পরিজনসহ অনেকের কাছে এটা ‘অসম্ভব’ মনে হলেও রাকিব দাবার স্বার্থে নিজের লেখাপড়াও জলাঞ্জলী দিয়েছেন। পুরো সময়টা দাবায় সপে দিতে চান। অবশেষে সেই ত্যাগের একটা পুরষ্কার পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার আব্দুল্লাহ আল রাকিব। ২০০১ সালে কোলকাতায় প্রথম নর্ম ও দ্বিতীয় নর্ম পেয়েছিলেন ২০০৪ সালে ঢাকায় লিওনাইন রেটিং দাবায়। তবে গ্র্যান্ডমাস্টার খেতাবের আনুষ্ঠানিক ঘোষনার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
সোমবার প্লে অফ ম্যাচ হয় ৭ পয়েন্ট করে পাওয়া গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও ফিদে মাস্টার তৈয়বুর রহমানের মধ্যে। তাতে জিতে ষষ্ঠ হয়েছেন নিয়াজ আর সপ্তম হয়েছেন তৈয়ব। আগের দিন ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। তিনিই ছিলেন দেশের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার, নিয়াজ মোর্শেদ ও জিয়াউর রহমানের পর। এই জাতীয় দাবা প্রথমবারের মতো উপহার দিয়েছে পঞ্চম গ্র্যান্ডমাস্টার।
