২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সঙ্গে শেরাটনের চুক্তি

এবছর প্যান প্যাসিফিক সোনারগাঁ তো পরেরবছর হোটেল শেরাটন। এতদিন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের সময় এভাবেই পালা করে হোটেল দুটোর আতিথেয়তা সুবিধা নিয়ে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় এবার হোটেল শেরাটনের সঙ্গে দুই বছরের জন্য গাটছঁড়া বেঁধেছে তারা। যদিও বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে,“এখন বাংলাদেশ ক্রিকেটের মান বেড়েছে। তার সঙ্গে মানানসই হোটেল বলতে আছে তো শুধু শেরাটনই।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার এক সংবাদ সম্মেলনের পর এ বিষয়ক চুক্তিপত্রে সই করেন বিসিবির সহ-সভাপতি এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং শেরাটনের জেনারেল ম্যানেজার ট্রেভর ম্যাকডোনাল্ড। এর আগে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও ইংল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের সময়ও তাদের কাছ থেকে লোভনীয় ছাড়ে আতিথেয়তা সুবিধা নিয়েছিল বিসিবি। সেগুলো সমন্বয়ের স্বার্থেই এই চুক্তিটি কার্যকর ধরা হয়েছে এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে। চুক্তি শেষ হবে ২০০৯-এর ৩১ জানুয়ারি। চুক্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে শেরাটন হোটেলে সব মিলিয়ে ৪১৯ রাতের রুমভাড়া বিসিবিকে দিতে হবে না। তার মানে, দুই বছরের মধ্যে এই ৪১৯টি রুম যে কোনো সময়ের জন্য বরাদ্দ থাকবে বিসিবির জন্য। আজিজ আল কায়সার বলছেন,“আমাদের আরো রুম লাগবে। তবে এই ৪১৯ বেড নাইটস আমরা ফ্রি পাচ্ছি। এর বাইরে আমাদের যা লাগবে, তাতেও ছাড় পাবো।”

দুই বছরের মধ্যে শেরাটনে যে কোনো সংবাদ সম্মেলনের ভেন্যু বিনা খরচে পাবে বিসিবি। তাদের বার্ষিক আয়োজন ‘ক্রিকেট নাইটস’-ও হবে এখানেই। বিনিময়ে বিসিবির যে কোনো অনুষ্ঠানে শেরাটনের লোগো শোভা পাবে। আন্তর্জাতিক ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটো পেরিমিটার বোর্ড পাবে তারা। আর ‘ হোম অব ক্রিকেট’ এর একটি কর্পোরেট হসপিটালিটি বক্সের নামকরণ হবে শেরাটনের নামে।