পাকিস্তান একাডেমীর বড় সংগ্রহ
৬৪, ৫৭, ৩৩, ৭৩, ৮২ এবং অপরাজিত ৫২। কোনো দলের প্রথম ছয়জন ব্যাটসম্যানের স্কোরগুলো এরকম হলে তাদের বড় স্কোর হওয়াটাই স্বাভাবিক। নারায়নগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ একাডেমীর বিপক্ষে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনশেষে তাই গড়েছে পাকিস্তান একাডেমী দল।
প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। মেহরাব হোসেন জুনিয়রের নেতৃত্বাধীন বাংলাদেশ একাডেমী দলের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৩ রানে। তাই সফরের প্রথম চারদিনের ম্যাচ ৭৭ রানে হারলেও এ ম্যাচে পাকিস্তানিরা সুবিধাজনক অবস্থানে আছে, তা বলাই যায়।
আগেরদিন ৮৮ রানে অবিচ্ছিন্ন থাকা খুররাম মঞ্জুর (৬৪) ও বাবর নাঈমের (৫৭) ওপেনিং জুটি এদিন বিচ্ছিন্ন হয়েছে ১০২ রানে। এরপর খালেদ লতিফ (৩৩), শহীদ ইউসুফ (৭৩) , ফাওয়াদ আলম (৮২) এবং আদনান রাজাদের (৫২*) ব্যাটও কমবেশি হেসে ওঠায় বাংলাদেশ একাডেমী দলের বোলারদের বাজে একটা দিনই গেছে। ১০১ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। প্রতিপক্ষের অন্য তিনটি উইকেটও নিয়েছেন বাহাতি স্পিনাররাই (মাহমুদুল্লাহ রিয়াদ ২/৬৪, মেহরাব ১/৭৪)।
