চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল ও এসি মিলান
আগের দিনই ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছিল ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসি। বুধবার তাদের দলে যোগ দিয়েছে লিভারপুলও। আর শেষ চারে এই তিন ক্লাবের সঙ্গী হয়েছে ইতালির এসি মিলান।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোফেনকে একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে পিটার ক্রাউচের গোল গড়ে দিয়েছে ব্যবধান। অল-রেডসরা অবশ্য প্রথম লেগেই ৩-০ গোলের জয় পেয়ে এগিয়ে ছিল।
তুলনায় মিলানের কাজটা ছিল কঠিন। নিজেদের মাঠে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। কিন্তু মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে বুধবারও দারুণ লড়াই করেছে জার্মানরা। কিন্তু চার মিনিটের এক ঝড়ে শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন। প্রথমার্ধের ২৭ ও ৩১ মিনিটে ক্ল্যারেন্স সিডর্ফ ও ফিলিপো ইনজাগির দেওয়া দু গোলে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে মিলান। সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দেখা হবে তাদের।
অন্য সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে লিভারপুল।
