একচেটিয়া খেলেও জয় পেলো না ব্রাদার্স
শেখ রাসেল ০ : ব্রাদার্স ০ শেখ রাসেল কোনোরকমে ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। ওই এক পয়েন্ট অর্জনে ভাগ্য এবং গোলরক্ষক জিয়ার অবদানই বেশি। গোলপোস্টে জিয়া অমন প্রাচীর হয়ে না দাঁড়ালে ৩ পয়েন্ট হারিয়েই ফিরতে হতো শেখ রাসেলকে।
অন্যভাবে বললে সেটাই ব্রাদার্সের দুর্ভাগ্য। দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেও তারা গোলের দেখা পায়নি। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে জিয়া অবিশ্বাস্য সেভ না করলে মামুনের শটটি ঠিকই শেখ রাসেলের জালে আশ্রয় নেয়। বাতাসে গা ভাসিয়ে দিয়ে জিয়া পাঞ্চ করলে বল পোস্টে লেগে ফিরে আসে।
একবার আত্মঘাতী গোলের হাত থেকেও শেখ রাসেলকে বাঁচিয়েছেন জিয়া। ৭০ মিনিটে ডান দিক থেকে মাসুদ রানার ক্রসে নিজেদের ডিফেন্ডার মাহমুদুল হাসানের হেড প্রায় ঢুকেই গিয়েছিল পোস্টে। দারুণ দক্ষতায় সেই দফাও দলকে বাঁচিয়েছেন জিয়া। ফিরতি বলে আবার তপুর শট ঠেকিয়ে বুঝিয়ে দিয়েছেন দিনটি তার।
এর আগে প্রথমার্ধে ব্রদার্সের নাইজেরিয়ান এলিজা দু-দুবার গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। ৩১ মিনিটে একবার মনোয়ারের শট অল্পের জন্য বাইরে গেছে। আরেকবার ৩৮ মিনিটে তপুর চমৎকার এক শট শেখ রাসেল ডিফেন্ডারের গায়ে লেগে যাওয়ায় পোস্ট পর্যন্ত যেতে পারেনি।
সেই তুলনায় শেখ রাসেল সেরকম কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্লেখ করার মতো একটা সুযোগই এসেছিল ১২ মিনিটে। মিশুর কর্ণারে মরক্কোর কোবাচের হেড ব্রাদার্সের ক্রসবারে বাতাস লাগিয়ে চলে যাওয়ায় গোল হয়নি।
৬ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১২ আর ব্রাদার্সের ৫ ম্যাচে ৮।
