হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ম্যারাডোনা
হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ম্যারাডোনা। কয়েকদিন আগে থেকেই বাড়ি ফেরার জন্য তাড়া দিচ্ছিলেন। অবশেষে তার পরিবারের সঙ্গে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার গভীর রাতে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তীকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে।
প্রায় সপ্তাহ দুয়েক আগে ডিয়েগো ম্যারাডোনাকে ভর্তি করানো হয়েছিল গুমেজ হাসপাতালে। কয়েকমাস অতিরিক্ত মদ্যপান ও ধূমপানের কারণে হঠাৎ তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। পরে হাসপাতালের তরফ থেকে তার হেপাটাইটিস হয়েছে বলে জানানো হয়। রোগের কারণ অতিরিক্ত মদ্যপান। কদিন ধরেই তার অবস্থার উন্নতি হচ্ছিল। মঙ্গলবার বুয়েন্স এইরেসের এই বেসরকারি হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে, “তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ছাড়ার আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে বসেছিলেন ডাক্তাররা, তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম অবশ্য হাসপাতালের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “বিকল্প চিকিৎসা হিসেবে তাকে একটি খাদ্য তালিকা করে দিয়েছে। এটা মেনেই চলতে হবে তাকে।” তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে মঙ্গলবারই ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক কাহে বলেছিলেন তাকে সুইটজারল্যান্ড নিয়ে যাওয়া হতে পারে চিকিৎসার জন্য।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর গত ১০ বছর তিনি লড়াই করেছেন মাদকাসক্তির সঙ্গে। যে কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে দু-দুবার হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনেও পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসা আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের এবারকার রোগের সঙ্গে কোকেন সেবন কিংবা আগের মদকাসক্তির কোনো সম্পর্ক নেই।
