২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাকে ৭-১ গোলে হারিয়ে শেষ চারে ম্যান ইউ, সঙ্গী চেলসিও

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা ভালো কাটেনি। কিন্তু সে ব্যর্থতা পুষিয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি উঠে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 04:45 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম লেগে হারের শোধ নিয়েছে ম্যান ইউ। আর প্রথম লেগে নিজেদের মাঠে ড্র করার পর চেলসি প্রতিপক্ষের মাঠে হারিয়েছে স্প্যানিশ প্রিমেরা লিগার দল ভ্যালেন্সিয়াকে। একেবারে শেষ মিনিটে মাইকেল এসিয়েনের গোলে তারা জিতেছে ২-১ ব্যবধানে।

প্রথম লেগে ১-২ গোলে হেরে আসা ম্যান ইউ এদিন শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। মাইকেল ক্যারিক, অ্যালান স্মিথ আর ওয়েইন রুনির গোলে ১৯ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ক্রিস্টিয়ানো রোনালদো বিরতির বাঁশি বাজার আগে-পরের পাঁচ মিনিটের মধ্যে আরো দুটি গোল করে রোমার হার নিশ্চিত করে দেন। ৬০ মিনিটে ক্যারিক তার দ্বিতীয় গোলটি করলে ব্যবধানটা দাঁড়ায় ৬-০। ৬৯ মিনিটে ড্যানিয়েল ডি রসি একটি গোল শোধ করলেও রোমার মান বাঁচেনি তাতে। ৮১ মিনিটে তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন প্যাট্রিস ইভ্রা। ১৯৬৮ সালের পর কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যানচেস্টার ইউনাইটেডের এটাই সবচেয়ে বড় জয়। দু লেগ মিলিয়ে ৮-৩ গোলের জয় পেয়ে সেমিফাইনালে ওঠা ম্যান ইউ খেলবে এসি মিলান-বায়ার্ন মিউনিখ ম্যাচের বিজয়ীদের সঙ্গে।

ভ্যালেন্সিয়ায় চেলসির দিনটা কিন্তু মোটেই অমন দুর্দান্ত কাটেনি। প্রথম লেগে ২-২ গোলে ড্র করা গতবারের ইংলিশ লিগ বিজয়ীদের আরো বিপদে ফেলে দিয়েছিল ৩২ মিনিটে ফার্নান্দো মরিয়েন্তেসের গোল। ৫২ মিনিটে আন্দ্রেই শেভচেঙ্কোর গোলে সমতায় ফিরলেও শেষ মিনিট পর্যন্ত তাদের বিদায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কারণ ম্যাচ ড্র হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ চারে উঠে যেত ভ্যালেন্সিয়া। সেটা হয়নি একেবারে শেষ মিনিটে মাইকেল এসিয়েনের গোলে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পাওয়া চেলসি সেমিফাইনালে খেলবে লিভারপুল অথবা পিএসভি আইন্দহোফেনের সঙ্গে।