২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদিনি ও মিলানের ‘অগ্নিপরীক্ষা’

“আমি আমার জীবনের দীর্ঘ ২০ বছর এই দলকে দিয়েছি। আগামীকাল (বুধবার) আমরা বাদ পড়ে গেলে এটা আমার শেষ ম্যাচ হতে পারে। তবে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতেই অভ্যস্ত। এবং বাদ পড়ার কথা একদমই ভাবছি না”-বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে পাওলো মালদিনির মন্তব্য। তবে এসি মিলানের অধিনায়ক মুখে যতই নিশ্চিন্ত থাকার কথা বলুন না কেন, তার দল কিন্তু বেশ দুশ্চিন্তায়ই আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 09:56 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

গত সপ্তাহে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে দু বার এগিয়ে গিয়েও বায়ার্নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মিলান। বুধবার মিউনিখে জয় না পেলে চ্যাম্পিয়ন্স লিগকে এবারের মতো বিদায় জানাতে হবে তাদের। ড্র করলেই প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের। সেই হিসাবে ম্যাচটা টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নদের জন্য অগ্নিপরীক্ষাই। মিলানের জার্সি গায়ে শেষ ম্যাচ হওয়ার আশঙ্কা থাকায় সর্বকালের অন্যতম সেরা লেফটব্যাক মালদিনির জন্যও তাই।

লিভারপুলের সামনে এত কঠিন কোন লক্ষ্য নেই। পিএসভি আইন্দহোফেনের কাছে দুই গোলের ব্যবধানে হেরে গেলেও কোন সমস্যা নেই ‘অল রেড’ দের। আইন্দহোফেনে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-০গোলে জয় পাওয়ায় বুধবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে নির্ভারই থাকার কথা লিভারপুলের।