২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাশগঞ্জের সঙ্গে কোনোরকমে ড্র করেছে মুক্তিযোদ্ধা

কোনোরকমে হার ঠেকালো মুক্তিযোদ্ধা। বি. লিগে মঙ্গলবারের খেলায় তারা ২-২ গোলে ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 09:37 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

প্রথমার্ধেই রবিনের দুই গোলে ২-০ তে এগিয়ে গিয়েছিল ফরাশগঞ্জ। দ্বিতীয়ার্ধে গোল দুটি শোধ করে মুক্তিযোদ্ধা হার ঠেকিয়ে ১ পয়েন্ট উদ্ধার করতে পেরেছে। প্রথম গোলটি হজম করে তারা অফসাইড ট্র্যাপ করতে গিয়ে। ৪০ মিনিটে মুক্তিযোদ্ধার ঘানসা ও রজনীকে ফাঁকি দিয়ে বেড়িয়ে যান রবিন, তারপর কবিরের বাড়ানো থ্রু পাস আয়ত্তে নিয়ে ফরাশগঞ্জের এই স্ট্রাইকার বল প্লেসিং করে দেন মুক্তিযোদ্ধার জালে। মিনিট পাঁচেক পরে বাঁদিক দিয়ে ঢুকে পড়া রনির ক্রসটি গোলে পরিণত করেন রবিন।

প্রথমার্ধ ফরাশগঞ্জের হলে দ্বিতীয়ার্ধ মুক্তিযোদ্ধার। ৫২ মিনিটে আলফাজের পাস থেকে ব্যবধান কমান মনি। ৬৩ মিনিটে আরমানের ব্যাকহিল আয়ত্তে নিয়ে মরক্কোর ব্রাহিম কোনাকুনি শটে গোল করে মুক্তিযোদ্ধার ১ পয়েন্ট পাওয়া নিশ্চিত করেন। তাতে ৬ খেলায় তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। তবে ৫ ম্যাচে ১১ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছে ঢাকা আবাহনী ও শেখ রাসেল।