নিজের মাঠে আরামবাগের কাছে হেরেছে খুলনা আবাহনী
আরামবাগ ৩ : খুলনা আবাহনী ১ বি. লিগে কদিন আগে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বেশ চমকে দিয়েছিল খুলনা আবাহনী। সেদিক থেকে আরামবাগ ছোট প্রতিপক্ষ, সুবাদে তাদের সঙ্গেও ভাল করবে খুলনা আবাহনী-এই ছিল খুলনার দর্শকদের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা সূর্যাস্তের আগেই নীল আকাশে মিলিয়ে গেছে শনিবার। তাই আরামবাগের কাছে ৩-১ গোলের হার মেনে নিতে কষ্ট হচ্ছে স্থানীয় আবাহনীর কোচ নাসিরেরও।
শনিবার খুলনা আবাহনীর এই পরাজয় পেশাদার লীগে নিজেদের অনেক পেছনে ফেলে দিয়েছে। আরামবাগের বিদেশী নিকোডোমাস ৬ মিনিটে আবাহনীর গোলরক্ষককে যেভাবে বোকা বানিয়ে নিজের দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে গেলেন তাতে আঁচ করা গিয়েছিল খেলার ভাগ্য কি হবে। এরপর আরো একটি গোল করেছেন এই নাইজেরিয়ান।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে প্রশান্ত গোল করে ব্যবধান কমালেও তা ধরে রাখতে পারেনি তার দল। অবশ্য এই স্ট্রাইকারকেও দু-দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে যেতে হয়েছে। গোল খাওয়ার মিনিট তিনেক পর আরামবাগের নুরুল ইসলামের গোলে ৩-১ গোলে জয় নিশ্চিত হয় তাদের।
এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে। খুলনা আবাহনীর সংগ্রহ ৪ ম্যাচে ৬ পয়েন্ট।
