২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্বাসের পিছটান, মোটা অঙ্কে টাইটেল জিতল গ্রামীনফোন

এবার সত্যি সত্যিই বোঝা যাচ্ছে, বিশ্বকাপ ব্যর্থতায় ভারতে ক্রিকেটের বাজারদর পড়ে গেছে অনেকটাই। না হলে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পনসরশিপ ও স্টেডিয়ামের ভেতরের নানা বিজ্ঞাপন-সত্বের লড়াই থেকে সরে যাবে কেন সে দেশের নিম্বাস স্পোর্টস মার্কেটিং?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বৃহষ্পতিবার দরপত্র খোলার পর দেখা গিয়েছিল তিনটি প্যাকেজে বিভক্ত এই স্বত্ত্বের জন্য তারাই সর্বোচ্চ দর দিয়েছে। প্রতিদ্বন্দ্বী গ্রামীনফোন পিছিয়ে ছিল অনেকটাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দর মনঃপুত না হওয়ায় তারা শনিবার আবার ‘বিড’ করতে বলে। কিন্তু এদিন নিম্বাস জানিয়ে দেয়, আগের দেওয়া দরেই অটল থাকছে তারা। অন্যদিকে গ্রামীনফোন দরটা বাড়িয়ে নিয়ে আসে অনেক।

আগে তিনটি প্যাকেজের জন্য তারা ১ কোটি ৮০ লাখ বললেও এবার দিয়েছে পৌনে চার কোটি টাকার অবিশ্বাস্য দর। এরমধ্যে এক নাম্বার প্যাকেজের জন্যই (টাইটেল স্পনসরশিপ, টেস্ট আর ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী ও সর্বাধিক উইকেটধারী এবং শুধু ওয়ানডে সিরিজে দ্রুততম ফিফটির পুরস্কার) তারা দিচ্ছে ৩ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা। টাইটেল স্পনসরশিপের জন্য আড়াই কোটি। আর ওই পাঁচটি পুরস্কারের জন্য ৫১ লাখ ৮০ হাজার টাকা। এজন্য নিম্বাসের দেওয়া দরটা ছিল ১ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার টাকার।

দুই নাম্বার প্যাকেজটিও (মাঠের চারপাশে ২৬ টি পেরিমিটার বোর্ড এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিড ওয়াল) জিতেছে দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থাটি। রি-বিডে নিম্বাসের ৪৩ লাখ ৪৭ হাজার টাকার বিপরীতে তারা দিচ্ছে ৫০ লাখ টাকা। প্যাকেজ থ্রি’র (মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দুই বোলিং প্রান্তের নামকরণ, চারটি মিডউইকেট পিচ ম্যাট এবং বাউন্ডারি রোপের ব্র্যান্ডিং) স্বত্ত্ব পেয়েছে অবশ্য নিম্বাসই। তাদের দেওয়া ৩৫ লাখ ৪৭ হাজার টাকার দর থেকে পিছিয়ে ছিল গ্রামীন (৩১ লাখ)।

তার মানে ৩ কোটি ৮৭ লাখ টাকারও বেশি মূল্যে আগামী মে মাসে তিন টেস্ট ও দুই ওয়ানডের সিরিজের টাইটেল স্পনসরশিপ ও স্টেডিয়ামের ভেতরের বিজ্ঞাপন-সত্ব বিক্রি করতে যাচ্ছে বিসিবি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এজন্যই বিসিবির সহ-সভাপতি এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার বলছিলেন,“ বাংলাদেশের ইতিহাসে লোকাল রাইটস বিক্রির এটাই সর্বোচ্চ মূল্য। এর আগে আমরা জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড সিরিজ মিলিয়ে ১ কোটি ২০ লাখ টাকায় স্বত্ত্ব বিক্রি করেছিলাম। প্রথমবারের মতো টেন্ডারের মাধ্যমে করে যে দাম পেলাম তাতে আমরা ভীষণ খুশি।”