২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আবাহনী-মোহামেডানের জয়

ঢাকা আবাহনী ২ : চট্টগ্রাম আবাহনী ০ ঢাকা মোহামেডান ২ : রহমতগঞ্জ ০

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2007, 10:41 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

অবশেষে গোলের দেখা পেয়েছেন স্ট্রাইকাররা এবং সেই সুবাদে ঢাকা আবাহনী ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। আগের দুটো ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতা আবাহনী চট্টগ্রামে এবার একাধিক গোলে জিতল। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মোহামেডানও একই ব্যাবধানে হারিয়েছে রহমতগঞ্জকে।

ঢাকা আবহনী জিতলেও খেলার সৌন্দর্য্য এখনো ফেরেনি। প্রথমার্ধে খুবই অগোছালো খেলায় পাল্লা দিয়ে লড়ে গেছে দুই আবাহনী। গভীরভাবে পর্যবেক্ষণ করলে হয়তো দ্বিতীয়ার্ধে ঢাকা আবাহনী একটু গোছানো খেলেছে বলা যায়।

প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকা এই ম্যাচে গোল পেতে ঢাকা আবাহনীকে ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ঘানার ইব্রাহিমের পাস আয়ত্তে নিয়ে হার্নান পেরোডি তীব্র শটে বল জড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর জালে। পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তারপরও কিন্তু এই ম্যাচে তিনি হেরে গেছেন ইব্রাহিমের কাছে। কারণ ঘানাইয়ান স্ট্রাইকার ইব্রাহিম কারো ওপর ভরসা না করেই একেবারে একক প্রচেষ্টাতেই ডানপ্রান্ত ধরে ঢুকে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে ঢাকা আবাহনীর ২-০ গোলে জয় নিশ্চিত করেছেন।

এই জয়ে ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে তারা যুগ্মভাবে শীর্ষে আছে শেখ রাসেলের সঙ্গে। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৬ ম্যাচে ৩ পয়েন্ট। অন্যদিকে ৫ খেলায় ৫ পয়েন্ট পাওয়া ঢাকা মোহামেডান ২-০ গোলে হারিয়েছে তুলনামূলক দূর্বল রহমতগঞ্জকে। ২৪ মিনিটে নাইজেরিয়ান কামারা গোলের সূচনা করেন, তারপর ৬৪ মিনিটে জাহিদের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে মোহামেডান।