২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে নির্বাচনের অনুমতি দিয়েছে সরকার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের পথে আর কোনো বাধা নেই। নির্বাচন আয়োজনের অনুমতি দিয়ে সরকার নির্বাচন কমিশনও গঠন করে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আগে বাফুফে ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। কিন্তু দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি পরবর্তীতে জরুরি অবস্থা এবং নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় সে প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। গত বুধবার সরকারের অনুমতি মিললেও অচিরেই নির্বাচন করা যাচ্ছে না। কারণ ব্যাপারটা জানাতে হবে ফিফাকেও। বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, “আগে আমরা ফিফাকে জানিয়েছিলাম ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের কথা। তা করতে না পারায় নতুন তারিখ নিয়ে তাদের সঙ্গেও একটু আলোচনা করতে হবে। মে’র মাঝামাঝিতেই হয়ে যেতে পারে নির্বাচন।” মে মাসের ২৫ তারিখের মধ্যেই বাফুফে নির্বাচন হয়ে যাবে বলেই জানা গেছে।

এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফিকুর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করেছে সরকার। তার সঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আবুল হাশেম আর ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারি সচিব মঞ্জুরুল কাদেরকে সদস্য করা হয়েছে নির্বাচন কমিশনের। বাফুফের কাছে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার পরই কমিশনের কাজ শুরু হবে। বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, তারা খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে কাউন্সিলরদের নাম চেয়ে চিঠি পাঠাবে।

বাফুফের নতুন গঠনতন্ত্র অনুযায়ী এ নির্বাচনে ভোটার সংখ্যা ১৩২। তাদের ভোটে নির্বাচিত হবে ২১ সদস্যের বাফুফে কমিটি। প্রথমবারের মতো এবার কোচেস অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থা ভোটাধিকার পেয়েছে বাফুফে নির্বাচনে। নির্বাচিত কমিটির মেয়াদ ৪ বছর, যা বর্তমান কমিটির শেষ হয়ে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল।