২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত দরপত্রের দরে সন্তুষ্ট নয় বিসিবি

সময় বেঁধে দেওয়া হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা। এর মধ্যে হোটেল শেরাটনের বলরুমে এসে দরপত্র জমা দিতে হবে। অপেক্ষায় থেকে থেকে শেষপর্যন্ত সময় ফুরোবার ১৫ মিনিট আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা হাঁফ ছেড়ে বাঁচলেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পনসরশিপের জন্য আহবান করা উন্মুক্ত দরপত্রে অংশ নিতে সেসময়েই আসেন নিম্বাস ও গ্রামীনফোনের প্রতিনিধিরা। নকিয়া, দুবাইভিত্তিক সংস্থা রাইটঅ্যাঙ্গেল এবং ভারতের গেমপ্ল্যানও দরপত্রের শিডিউল কিনেছিল। কিন্তু তারা দরপত্রে অংশ নেয়নি। তাই এই প্রথমবারের মতো বিসিবির উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার সাড়াকে আশাব্যঞ্জক বলা যাচ্ছে না।

বিশ্বকাপে হাবিবুল বাশাররা ভারতকে হারিয়েছেন। এজন্য মে মাসে ভারতীয় দলের বাংলাদেশ সফরকে ‘প্রতিশোধ মিশন’ হিসেবেও দেখছে বিসিবি। মাত্র দুটো প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও তাই বড় অঙ্কের আশাতেই ছিলেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু তাদের নিরাশই হতে হয়েছে। সারাদিনে দফায় দফায় আলোচনার পর বিকেলে বিসিবির সহ সভাপতি ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার জানান,“আপনাদের আজই কোনো ভালো খবর দিতে পারছি না। যা আশা করেছিলাম তেমন দর পাওয়া যায়নি। শনিবারে এই দুটো প্রতিষ্ঠান রি বিড করবে। তারপরে হয়তো আপনাদের ভালো কোনো খবর দিতে পারবো।”

দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজের বাণিজ্যিক অংশটাকে তিনটি প্যাকেজে ভাগ করা হয়েছে। এরমধ্যে প্রথম প্যাকেজে টাইটেল স্পনসরশিপ স্বত্ত্বের বাইরেও আছে টেস্ট এবং ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান ও সর্বাধিক উইকেটধারী বোলার এবং ওয়ানডের দ্রুততম ফিফটির পুরস্কার। দ্বিতীয় প্যাকেজে আছে মাঠের চারপাশে ২৬টি বিলবোর্ড ও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের মিডওয়ালের (প্রথম ও দ্বিতীয় তলার গ্যালারির মাঝের অংশ) বিজ্ঞাপন। আর তৃতীয় প্যাকেজে আছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দুই বোলিং প্রান্তের নামকরণ, চারটি মিডউইকেট পিচ ম্যাট এবং বাউন্ডারি রোপের ব্র্যান্ডিং। বাংলাদেশ ক্রিকেটের আগামী পাঁচ বছরের মিডিয়া মার্কেটিং রাইটস কেনা নিম্বাস ও গ্রামীনফোন তিনটি প্যাকেজের জন্যই দরপত্র জমা দেয়।

তাদের দেওয়া দরটা জানাতে চাননি আজিজ আল কায়সার। অবশ্য বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, সর্বোচ্চ দর দিয়েছে নিম্বাস (২ কোটি ৮০ লাখ টাকা)। আর গ্রামীন দিয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। সুতরাং নিম্বাসেরই পাওয়ার কথা। কিন্তু বিসিবি তাদের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা করায় নিম্বাসের প্রতিনিধি বিশ্বকাপে ব্যর্থতার জন্য ভারতে ক্রিকেটের বাজারদর পড়ে যাওয়ার অজুহাতও দিয়েছেন বলে জানান আজিজ। ৭ এপ্রিল রি বিড এর মাধ্যমে প্রত্যাশিত মূল্য পাওয়া যাবে বলেও আশাবাদী তিনি। দরপত্রের মাধ্যমে টাইটেল স্পনসরশিপ খুঁজে নেওয়া এবং দরপত্র খোলার সময় মিডিয়ার উপস্থিতির ঘটনাও এবারই প্রথম। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে বিসিবির তরফ থেকে।