২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যালেন্সিয়ার ড্র করেছে চেলসি, রোমার কাছে ম্যান ইউর হার

ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে বুধবারের দিনটা দারুণ খারাপ কেটেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বড় দল ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 04:32 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী চেলসি নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেড করেছে আরো খারাপ, রোমে ইতালিয়ান ক্লাব রোমার কাছে ১-২ গোলে হেরেই গেছে তারা। এখানেই শেষ নয়, ‘রেড ডেভিল’দের ভোগান্তির, ৩৪ মিনিটে পল স্কলস লালকার্ড পাওয়ায় ম্যাচের দুই তৃতীয়াংশ সময়ই ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। আর তারচেয়েও বড় কথা ওই ঘটনা নিয়ে প্রথমে রোমার সমর্থকদের সঙ্গে এবং পরে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছেন ইউনাইটেডের সমর্থকরা।

লন্ডনের ম্যাচে ৩০ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ৫৩ মিনিটে দিদিয়ের দ্রগবা সমতা ফিরিয়ে আনেন তাদের পক্ষে।

রোমের ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলিয়ান প্লে মেকার তাদেইর গোলে এগিয়ে ছিল রোমা। ৬০ মিনিটে ওয়েইন রুনি সমতা আনলেও ৬ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় ভিউসিনিচের গোলে জয় পেয়ে যায় ইতালিয়ানরাই। এ নিয়ে টানা ৬ ম্যাচ জিতলো রোমা, অন্য দিকে ১৫ ম্যাচে এটাই প্রথম হার ইউনাইটেডের।