মে মাসে ঢাকায় তিনটি প্রদর্শনী ম্যাচ খেলবে ওল্ডহ্যাম
আগামী মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আসছে কোনো পেশাদার ফুটবল ক্লাব দল। দলের নাম ওল্ডহ্যাম অ্যাথলেটিক ক্লাব, ইংল্যান্ডের এই ক্লাবের অনূর্ধ্ব-২০ ফুটবল দল আগামী ৭ মে ঢাকায় আসবে তিনটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে।
বুধবার বাফুফে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কোচ ও প্রধান নির্বাহী এ তথ্য দিয়েছেন। তিনটি প্রদর্শনী ম্যাচের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৮ মে ঢাকা মোহামেডান ও ১২ মে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে। মাঝে ১০ তারিখ ওল্ডহ্যামের এই দলটি সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে।
ওল্ডহ্যাম যুব দলের কোচ টনি ফিলিসক্রিক জানিয়েছেন, “এটা ইংল্যান্ডের পুরনো ক্লাবগুলোর একটি, যারা এখন প্রথম বিভাগে খেলে। আমাদের মূল কাজ হচ্ছে খেলোয়াড় তৈরি করা।” প্রদর্শনী ম্যাচের পাশাপাশি বাংলাদেশ থেকে ফুটবল প্রতিভা অন্বেষনেরও পরিকল্পনা আছে তাদের। এজন্য বাফুফের সঙ্গে ৫ বছরের একটি চুক্তিও হয়েছে, সেরকম কোনো প্রতিভা খুঁজে পেলে তারা প্রতিবছর দু-তিন জনকে ইংল্যান্ডে নিয়ে যাবে প্রশিক্ষণের জন্য।
সংবাদ সম্মেলনে বাফুপে সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও ওল্ডহ্যামের প্রধান নির্বাহী অ্যালান হার্ডি উপস্থিত ছিলেন।
