ব্রাদার্স হারিয়েছে আরামবাগকে
আগের ম্যাচে হোঁচট খাওয়া ব্রাদার্স ইউনিয়ন মঙ্গলবার ৩-১ গোলে হারিয়েছে আরামবাগকে।
প্রথমার্ধে ম্যাচে ছিল ১-১ সমতা। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে জয় আদায় করে নেয় ব্রাদার্স। এই জয়ের ফলে এখন ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি। একটি ম্যাচ বেশি খেলা আরামবাগের সংগ্রহেও ৭ পয়েন্ট।
৮ মিনিটের মাথায় ব্রাদার্স এগিয়ে যায় জুনিয়রের গোলে। ৪০ মিনিটে আরামবাগের টমাস গোল করে সমতা ফিরিয়ে আনেন ম্যাচে। প্রথমার্ধ ১-১-এই শেষ হওয়ায় আবারও পয়েন্ট হারানোর ভয় পেয়ে বসে গোপীবাগের দলটিকে। ঠিক আগের ম্যাচে তারা হেরে বসেছিল খুলনা আবাহনীর কাছে।
কিন্তু ভয় স্থায়ী হতে দেননি জুনিয়র। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে তিনি ২-১ গোলে এগিয়ে দেন দলকে। তবে জয় সুনিশ্চিত করা গোলটি অবশ্য ব্রাদার্সের কারো নয়, ৮০ মিনিটে শরীফ খান নিজেদের জালে বল ঠেলে সর্বনাশ ডেকে আনেন আরামবাগের।
