২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরে উঠছেন ম্যারাডোনা

হাসপাতালে নেওয়ার দিন তিনেক পরেই সুখবর এসেছে-সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শনিবার দিনটি ঘুমের মধ্যেই কেটেছে তার। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেডো কায়ি দিয়েছেন সুখবরটা, “এখন সবকিছুই ঠিকমতো এগোচ্ছে। তিনি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন, তবে গল্প কেবল শুরু হয়েছে।” মানে, এ নিয়ে হয়তো আরো অনেক কথাবার্তা হবে ভবিষ্যতে।

কারণ বিষয় তো ম্যারাডোনার অসুখ। আর তার অসুস্থতার ইতিহাসের সঙ্গে বরাবরই জড়িয়েছিল নিষিদ্ধ মাদক সেবনের ব্যাপারটা। এবারও সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তার চিকিৎসক বারবার বলে যাচ্ছেন, এবারের সমস্যার সঙ্গে মাদকাসক্তির কোনো সম্পর্ক নেই।

অতিরিক্ত মদ্যপান, খাওয়া-দাওয়া করা এবং অত্যধিক ধুমপানের কারণেই তার শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছিল। তাই গত বুধবার তাকে বুয়েন্স আইরেসের গুমেজ হাসপাতালে ভর্তি করা হয়। আলফ্রেডো কায়ি বলছেন, “ডিয়েগো আগে কখনো ধূমপান না করলেও এখন মারাত্মক ধুমপান করেন এবং সেজন্যই সমস্যা হয়েছে।”

এর আগেও ’৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকাকে হাসাপাতালে ভর্তি হতে হয়েছিল ২০০০ ও ২০০৪ সালে। তখন ভক্তরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মারাত্মক হৃদ রোগের খবরে। পরের খবর ছিল, কোকেন আসক্তিই ছিল হৃদরোগের কারণ।

এবার অবশ্য কোকেনের সঙ্গে কোনো সম্পর্ক এখনো আবিষ্কৃত হয়নি।