বার্সাকে আবার জেতালেন রোনালদিনহো-মেসি-এ'তো
বেশ কিছু দিন ধরেই স্প্যানিশ মিডিয়ায় জল্পনা, রোনালদিনহো নাকি এসি মিলানে যোগ দিতে পারেন! দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে নাকি দলে টানতে আগ্রহী মিলানের বিশ্বখ্যাত ক্লাবটি। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে হুয়ান লাপোর্তা জানিয়েছেন, যত দিন ইচ্ছা বার্সেলোনায় থাকতে পারবেন রোনালদিনহো।
ক্লাবের সভাপতির কাছ থেকে অভয়বার্তা পেয়ে এ সময়ের সবচেয়ে বড় ফুটবল তারকা জ্বলে উঠলেন দুর্দান্তভাবে। শনিবার স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র গুরুত্বপূর্ণ এক ম্যাচে রোনালদিনহোর চোখধাঁধানো নৈপুণ্যের কল্যাণে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে দেপোর্তিভো লা করুনাকে।
স্প্যানিশ লিগে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ছুটে চলা ‘বার্সা’র দুটো গোলেই রোনালদিনহোর বড় অবদান। বিরতির ঠিক আগে দারুণ এক ফ্লিকে মার্কারকে বোকা বানিয়ে লিওনেল মেসির উদ্দেশে বল বাড়িয়েছেন। তা থেকে মেসির বাঁ পায়ের দুর্দান্ত শট এগিয়ে দেয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবার রোনালদিনহো-জাদু। ইনিয়েস্তা ও জাভির সঙ্গে ‘ওয়ান-ট’ু খেলে তার বাড়ানো পাস থেকে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন স্যামুয়েল এ’তো। ৬৯ মিনিটে ব্রঙ্কহর্স্টের ভুল হেড থেকে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে লোপেজ ব্যবধান কমিয়েছিলেন। এর পর বার্সেলোনার ডিফেন্ডারদের এলোমেলো খেলার সৌজন্যে (!) দেপোর্তিভোর ফরোয়ার্ডরা আক্রমণ করেছেন অবিশ্রান্তভাবে। কিন্তু গোলকিপার ভিক্টর ভালদেসের নৈপুণ্যে বিপদে পড়তে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের।
এই জয়ে ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি লিগের শীর্ষেই রইলো তারা। এই রাউন্ডে ওসাসুনাকে হারাতে পারলে শীর্ষে তাদের সঙ্গী হবে সেভিয়া। স্প্যানিশ লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়া ৩-২ গোলে হারিয়েছে এসপানিওলকে। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়ার অবস্থান এখন তৃতীয়।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যাহত রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার টানা সপ্তম জয়ের পথে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। পল স্কলস, মাইকেল ক্যারিক, পার্ক জি সুং ও ওলে গানার সোলসকায়েরের লক্ষ্যভেদে পাওয়া জয়ে ম্যানইউ’র শীর্ষে অবস্থান সুসংহত হলো আরো। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে তারা ৯ পয়েন্টে এগিয়ে। গত দু বারের চ্যাম্পিয়ন চেলসি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ইংলিশ লিগের আর ৭ রাউন্ড বাকি।
