ক্রাউচের হ্যাটট্রিকে বিধ্বস্ত আর্সেনাল
গত ৬ মার্চ নাকে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই মাঠের বাইরে থাকতে হচ্ছিল তাকে। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শনিবার মাঠে ফিরলেন পিটার ক্রাউচ এবং ফিরলেন রাজসিকভাবেই।
শনিবার ক্রাউচের দুর্দান্ত হ্যাটট্রিকের সৌজন্যে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ৪ --- ১ গোলে হারিয়েছে আর্সেনালকে। লিভারপুলের পক্ষে অন্য গোলটি করেছেন ড্যানিয়েল অ্যাগার। আর্সেনালের একমাত্র গোলদাতা উইলিয়াম গ্যালাস। এই জয়ে ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে পৌঁছে গেল লিভারপুল। দুই পয়েন্ট কম নিয়ে আর্সেনালের অবস্থান চতুর্থ। অবশ্য লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।
