ঢাকা আবাহনীকে বাঁচালেন নজরুল
আবাহনী ১ ঃ রহমতগঞ্জ ০ ঢাকা মোহামেডান ০ ঃ চট্টগ্রাম মোহামেডান ০ একেবারে কানের পাশ দিয়ে চলে গেছে গুলি। আর দুটো মিনিট পার করে দিতে পারলেই পয়েন্ট পেয়ে যেতো রহমতগঞ্জ। তা হয়নি। অতিরিক্ত সময়ে নজরুলের গোলে পার পেয়ে গেছে আবাহনী। ওদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা মোহামেডান গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে।
আবাহনীর দেশী স্ট্রাইকারদের তালিকায় আছেন এমিলি ---- উজ্জ্বলরা, আছে বিদেশী আমদানীও। কিন্তু দেশী------বিদেশী সম্মিলনের নিটফল শূন্য, এখনো তারা গোলহীন ! সেজন্যই আবাহনীর দুর্দশা। শুক্রবার পয়েন্ট তালিকার সর্বনিম্ন দল রহমতগঞ্জের সঙ্গে লড়েও গোল আদায় করতে তাদের নাকের জল চোখের জল এক হয়ে গেছে। শেষ পর্যন্ত খেলা শেষ হওয়ার মিনিট দুয়েক আগে, অতিরিক্ত সময়ে ডিফেন্ডার নজরুলের টোকায় আবাহনী ১ ----- ০ গোলে জিতে যায় এবং হাঁফ ছেড়ে বাঁচেন সমর্থকরা।
তবে ম্যাচে আধিপত্য করেছে ঢাকা আবাহনীই। সেই আধিপত্য এমনই নিষ্ফল ছিল যে ২০টি কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি। ব্যর্থতার পেছনে রহমতগঞ্জের গোলরক্ষক আপেল ও লম্বা ডিফেন্ডার শোয়েব হেসেন সানির অবদানও কম ছিল না। প্রথমার্ধে তেমন উল্লেখ করার মতো কিছু না থাকলেও আবাহনী দ্বিতীয়ার্ধে দুবার ভালো সুযোগ পেয়েছিল গোলের।
৫৪ মিনিটে জাহিদ হাসান এমিলির শটে যদি একটু গতি থাকতো তাহলে হয়তো তখনই এগিয়ে যেতো আবাহনী। রহমতগঞ্জের ডি বক্সে পেরোডি সুন্দর একটা বল বানিয়ে দিলেও এমিলির দুর্বল শট আপেলের গ্রি“পে নিতে এতটুকু সমস্যা হয়নি। পরের মিনিটেই আরিফ খান জয়ের স্কয়ার পাসে আর্জেন্টাইন পেরোডি সাইডভলিটা পোস্টে রাখতে পারেননি।
এমন সব ব্যর্থতার পর আবাহনী সমর্থকরা হতাশ হয়ে যখন বাড়ি ফেরার জন্য তৈরি তখনই নজরুলের লক্ষ্যভেদ। ডি বক্সের বাইরে একটি ফ্রি কিক পায় আবাহনী । উজ্জ্বলের কিকে বল সামনের দেয়াল টপকে চলে যায় রহমতগঞ্জ ডিফেন্সে , সঙ্গে সঙ্গেই আবাহনীর চারজনের ভোঁ দৌড় এবং সফলকাম হন ডিফেন্ডার নজরুল ইসলাম। এই জয়ে ৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ ৮ পয়েন্ট, ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা শেখ রাসেলের ঠিক পেছনেই তারা। অন্যদিকে ৫ ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট।
চট্টগ্রামের ম্যাচে শক্তিমত্তায় স্থানীয় মোহামেডান এগিয়ে থাকলেও তা মাঠের খেলায় অনুদিত হয়নি। তাই ম্যাচ ড্র। এ পর্যায়ে ঢাকা মোহামেডানের সংগ্রহ ৫ খেলায় ৫ পয়েন্ট আর একটি ম্যাচ কম খেলে চট্টগ্রাম মোহামেডানেরও ৫ পয়েন্ট।
