ফুটবলার বড় নাজির আর নেই
দীর্ঘ রোগভোগের পর মারা গেছেন বড় নাজির। পঞ্চাশ ও ষাটের দশকে ঢাকার ফুটবলে ‘বড় নাজির’ নামে পরিচিতি ছড়িয়ে পড়লেও এই ফুটবলারের আসল নাম নাজির আহমেদ চৌধুরী। ৬৯ বছর বয়সে বৃহস্পতিবার রাত ১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং আরো অনেক আতœীয় -- স্বজন।
১৯৫৯ সালে তার ঢাকা মাঠে অভিষেক হয় পাকিস্তান পি ডব্লু ডি’র হয়ে প্রথম বিভাগ ফুটবল লিগে। পরে খেলেছেন রহমতগঞ্জ, ইপিআইডিসি, বিজেএমসি, সাধারণ বীমা, ফরাশগঞ্জের হয়ে। তার খ্যাতি ছড়িয়েছিল ব্যাকভলি ও হেড করে গোল করার অসাধারণ ক্ষমতার জন্য। খেলা ছাড়ার পর প্রশিক্ষক হিসেবে তিনি ঢাকা জেলা, ঢাকা ওয়ান্ডারার্স, বিকেএসপি, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিডিআর ও ঢাকা ওয়াসার ফুটবল দলে কাজ করেছেন।
শুক্রবার সকালে নবাবগঞ্জ বড় মসজিদে নামাজে জানাজা শেষে প্রয়াত এই ফুটবলারকে দাফন করা হয়েছে আজিমপুর পুরাতন কবরস্থানে। আগামী রোববার কুলখানি হবে তার নবাবগঞ্জের বাসায়।
তার মৃত্যুতে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি ও ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে।
