২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানাকে কোনোরকমে হারালো ব্রাজিল

ম্যাচের এক মাত্র গোলদাতা ভাগনার লাভ। আর সেই গোলেই জয় এসেছে ব্রাজিলের। তবে মঙ্গলবার ঘানার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ১ ---- ০ গোলের জয়ের জন্য গোলকিপার জুলিও সিজারের কাছে কৃতজ্ঞ থাকতেই হবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ঘানার একাধিক গোলের সুযোগ অসাধারণ দৃঢ়তায় ঠেকিয়ে দিয়ে ব্রাজিলকে মধুর এক জয় উপহার দিয়েছেন সিজারই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 10:19 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

শনিবার চিলির সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচে ৪ ---- ০ গোলে জয়ের সুখ -- স্মৃতি নিয়ে খেলতে নেমে ১৫ মিনিটের সময়েই পিছিয়ে পড়তে পারতো ব্রাজিলিয়ানরা।  পোস্টের কাছ থেকে নেয়া এরিক আদোর হেড ঠেকিয়ে দিয়ে ম্যাচে সিজারের ‘ত্রাতা’ হিসাবে আবির্ভাব। দু মিনিট পরই সেই গোল। কর্নার থেকে কাকার হেড এসে পড়েছিল লাভের সামনে। অরক্ষিত থাকার সুবিধা কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিতে সমস্যা হয়নি তার। তিন মিনিট পর বিপজ্জনকভাবে এগিয়ে যাওয়া অ্যালেক্স মেনসাহর প্রচেষ্টা সিজার নষ্ট না করলে এগিয়ে যাওয়ার আনন্দ সেখানেই শেষ হয়ে যেত ব্রাজিলের।

ঘানার সবচেয়ে বড় তারকা মাইকেল এসিয়েন ও অধিনায়ক স্টিভেন আপিয়াহ এই ম্যাচে খেলেননি। তার পরও প্রথমার্ধের মতো বিরতির পর ঘানাইয়ানদের আক্রমণের তীব্রতাই ছিল বেশি। কিন্তু তাদের সামনে বাধার প্রাচীর ছিলেন এক জনই ---- জুলিও সিজার! দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচের সেরা সেভটাও তার। বক্সের ঠিক বাইরে থেকে লারিয়া কিংস্টনের জোরালো শট দারুণ দক্ষতার সঙ্গে  ফেরান তিনি। কিছুক্ষণ পর সুলে মুন্তারির ফ্রিকিকও উঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে। বিরতির পর ব্রাজিলের সেরা সুযোগ এসেছে ৬৫ মিনিটের সময়। কিন্তু কাকা বাইরে মেরে নষ্ট করেছেন সেটা। ৭৭ মিনিটে মিডফিল্ডার হামিনু দ্রামানি দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে ঘানা পরিণত হয় দশ জনের দলে। বাকি সময়ে আর কিছু করা সম্ভব হয়নি তাদের পক্ষে। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে ০ ---- ৩ গোলে পরাজয়ের প্রতিশোধও তাই নিতে পারেনি আফ্রিকান ফুটবলের অন্যতম সেরা দলটি।