২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাজের হ্যাটট্রিকে মুক্তিযোদ্ধার বড় জয়

- তিন ম্যাচ পর অবশেষে বোঝা গেছে মুক্তিযোদ্ধার শক্তি। শেষ দুই ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের কাছে হার এবং ঢাকা মোহামেডানের সঙ্গে কোনোরকমে জয় পাওয়া মুুক্তিযোদ্ধা অবশেষে শক্তি দেখিয়েছে পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জকে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলফাজ আহমেদের হ্যাটট্রিকে ৪-----১ গোলের বড় জয় পেয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তবে বি. লিগের পয়েন্ট তালিকায় তারপরও তাদের অবস্থান শেখ রাসেলের পেছনে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩-----০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। সুবাদে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তারাই। সমান ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধা।

সাত্তার টেক্সটাইলকে স্পন্সর হিসেবে পাওয়ার দিনেই রহমতগঞ্জের এমন ভরাডুবি হয়েছে। ২৮ মিনিটে ডান দিক থেকে ফিরোজ মাহমুদ টিটুর নেওয়া কর্ণার কিকে হেড করে আরমান আজিজ প্রথম এগিয়ে নিয়ে যান মুক্তিযোদ্ধাকে। গত তিন ম্যাচে গোল খরায় ভোগা আলফাজ গোলের দেখা পান প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে। তবে গোলটি থালায় সাজিয়ে দেওয়ার মতো করে বানিয়ে দিয়েছিলেন ঘানসা, আলফাজ কেবল আনুষ্ঠানিকতা সেরেছেন।

৫৪ মিনিটের গোলে অবশ্য আলফাজের স্ট্রাইকারসূলভ বুদ্ধিমত্তার ছাপ আছে। ব্রাহিমের ডান দিক থেকে পাঠানো ক্রসটি রহমতগঞ্জ গোলরক্ষক হিমেলের মাথার ওপর দিয়ে পোস্টে জমা করে দিয়েছেন তিনি। ৭৪ মিনিটে টিটুর ক্রসটি গোলে পরিণত করে বি. লিগের প্রথম হ্যাটট্রিক করেছেন বর্ষীয়ান এই স্ট্রাইকার। ৮৫ মিনিটে হানিফ প্রধানের গোলে ব্যবধান কমলেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি রহমতগঞ্জ।

চট্টগ্রামে শেখ রাসেলকে গোলের দেখা পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পেনাল্টি থেকে মরোক্কোর ইগির মোহাম্মদ গোল করে এগিয়ে নিয়েছেন শেখ রাসেলকে। ৮০ মিনিটে উইঙ্গার আমিন রানার গোলে ব্যবধানটা দ্বিগুণ করে তারা। এবং শেষ মিনিটে পাপ্পুর গোলে নিশ্চিত হয় শেখ রাসেলের ৩ ---- ০ গোলের জয়।