বাফুফে নির্বাচন নিয়ে আশাবাদী এস এ সুলতান
আসন্ন বাফুফে নির্বাচনে নিজের সাফল্যের সম্ভাবনা যাচাই করতে গিয়ে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন এস এ সুলতান।
প্রাক --- নির্বাচনী বাতাবরনে ভোটের বাজারে নিজের ভালো অবস্থানই দাবি করেছেন সাবেক বাফুফে সভাপতি। তার আরেকটা পরিচয়, ক্লাব সমিতির সাবেক সভাপতি। যদিও এখন এই সমিতি খুব একটা সক্রিয় নয়। অথচ সেই সমিতির সাবেক সভাপতির অধিকার থেকেই তিনি এবং তার সমমনা সংগঠকরা মঙ্গলবার রাতে ক্লাবগুলোকে নিয়ে বসেছিলেন। সেখানেই ভালো সাড়া পেয়েছেন বলে তার দাবি, “বড় ৫ টা দলকে বাদ দিয়ে আমরা প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্লাবগুলোকে নিয়ে বসেছিলাম। সেখানে ৮৫ শতাংশ প্রতিনিধিই আমাদের পক্ষে মত দিয়েছেন।” বড় ক্লাব মানে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, শেখ রাসেল, মুক্তিযোদ্ধাকে এই সভায় ডাকা হয়নি। কী কারণে তাদের ডাকা হয়নি সে প্রসঙ্গ এড়িয়ে গেছেন সুলতান।
আপাতত তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান কমিটির সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। আছেন বর্তমান কমিটির আরেক সহ সভাপতি আব্দুর রহিমও আছেন এই প্যানেলে।
