এবার আর্জেন্টিনাতেই ম্যারাডোনার বিরুদ্ধে তদন্ত
তার জীবনে শত গৌরবের পাশে অগৌরব আর কলঙ্কের যে পাহাড় তারই ছোট্ট একটা অংশ কর ফাঁকি দেওয়ার প্রমানিত অভিযোগ। এ অভিযোগে একবার ডিয়েগো ম্যারাডোনার কাছ থেকে রোলেক্স ঘড়ি কেড়ে নেয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। এবার একই অভিযোগ তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাতেও। সে দেশের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ম্যারাডোনা ঠিকঠাক কর দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার জন্য তার অ্যাকাউন্ট আছে এমন সব ব্যাংকের কাছ থেকেই কাগজপত্র চেয়েছেন কর কর্মকর্তারা। বুধবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইতিমধ্যে চাহিদা অনুযায়ী কাগজ --- পত্র সরবারহ করা হয়েছে কর বিষয়ক তদন্ত কর্মকর্তাদের, “ কর কর্তৃপক্ষ আমাদের কাছে ডিয়েগো ম্যারাডোনার আর্থিক (লেনদেন সম্পর্কে) তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছিল। আমরা সে অনুরোধ রক্ষা করেছি।”
আর্জেন্টিনায় ব্যাংকের সঙ্গে ম্যারাডোনার লেনদেনের বিবরন চাওয়ার ঘটনা নতুন হলেও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ পুরোনো। গত বছর একটা প্রদর্শনী ম্যাচ খেলতে ইতালি গিয়েছিলেন ম্যারাডোনা। সেখানে ৪০ দশমিক ৭ মিলিয়ন ডলার কর ফাঁকি দেয়ায় তার কাছ থেকে দুটো রোলেক্স ঘড়ি রেখে দেয় কর কর্মকর্তারা।
