গিলক্রিস্টের ভাবনা জুড়ে সাফল্য আর এগিয়ে চলা
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠতে পারেননি। স্বল্প সময়ের ছুটিটা কিন্তু দারুণ উপভোগ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। সংসারের নবাগত অতিথির সুখস্মৃতিকে সঙ্গী করে ‘গিলি’ এখন ব্রায়ান লারার দেশে। বিশ্বকাপের ঠিক আগে অনেক বেশি নির্ভার, তরতাজা, ফুরফুরে মেজাজে থাকা অস্ট্রেলিয়ার সহ --- অধিনায়ক জানিয়েছেন টুর্নামেন্ট শেষে ওয়ানডেকে বিদায় জানানোর কোনো ইচ্ছাই নেই তার। বরং এই মুহূর্তে সর্বকালের অন্যতম সেরা উইকেট কিপার ---- ব্যাটসম্যানের ভাবনা জুড়ে শুধুই হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন।
গত মাসে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া চ্যাপেল----হ্যাডলি সিরিজের পুরোটাই মিস করা গিলক্রিস্ট ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন গত সোমবার। পর দিন জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি, ড্রেসিং রুমে বসেই দেখেছেন দলের সহজ জয়। তবে শুক্রবার ‘চিরশত্র“’ ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় শতভাগ। তার আগে ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি সহ ৮,৫৮৫ রানের মালিক জানাচ্ছেন ছোট ছেলের সঙ্গে সময়টা কতটা উপভোগ করেছেন তিনি,“আমাদের তৃতীয় সন্তান জন্ম নেয়ার পর থেকেই দারুণ সময় কেটেছে আমার। ক্রিকেট থেকে ছোট্ট বিরতি পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখন আমি ক্রিকেটে পুরোপুরি মন দিতে চাই। আসলে এ ধরনের বিরতি প্রত্যেককেই তরতাজা হয়ে উঠতে সাহায্য করে।”
বয়স ৩৫ হয়ে যাওয়ায় নিশ্চিতভাবে এটাই তার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপের পর তার ওয়ানডে থেকে অবসর সংক্রান্ত গুঞ্জনকে পুল করে ছক্কা মারার ঢংয়েই উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বহু জয়ের নায়ক,“এই টুর্নামেন্ট (বিশ্বকাপ) শেষে (ওয়ানডে থেকে) বিদায় নেয়ার চিন্তা করছি না আমি। এক জায়গায় চুপচাপ বসে লক্ষ্য নির্ধারণও আমি কখনো করিনি। আমি শুধু উৎসাহ নিয়ে খেলে যেতে চাই। তাছাড়া আমার মনে হয় না ক্যারিয়ার নিয়ে এ ধরনের চিন্তা---ভাবনা করার সময় এখনো এসেছে। আমি শুধু চাই নিরবচ্ছিন্নভাবে খেলে একটি সফল দলের অংশ হওয়ার চেষ্টা করতে।”
সেই চেষ্টা অর্থাৎ বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপার জয়ের পথে যাত্রা শুরুর আগে অস্ট্রেলিয়া কোনো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে শুক্রবার। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। গত মাসে কমনওয়েথ ব্যাংক সিরিজে এই ইংল্যান্ডের কাছেই প্রথম দুটো ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করা অস্ট্রেলীয়দের জন্য ম্যাচটা প্রতিশোধের মিশনও। বিশ্বকাপের ঠিক আগে ইংলিশদের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে গিলক্রিস্ট নিজেও বেশ রোমাঞ্চিত,“তাদের সঙ্গে আমরা অনেক ম্যাচ খেলেছি। আবারো ওদের সঙ্গে খেলতে হবে। আশা করি, বিশ্বকাপেও দেখা হবে (ইংল্যান্ডের সঙ্গে)। ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের দলের জন্যও এটা বড় এক চ্যালেঞ্জ।”
