২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলসের বদলে যাওয়ার আসল কারণ

৬ বছর আগে দারুণ প্রতিশ্র“তি দিয়ে শুরু হয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্র“তিকে ব্যাটে অনুদিত করতে পারেননি মারলন স্যামুয়েলস। এমনকি এক সময় ওয়েস্ট ইন্ডিজ দলেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। সেই দুঃসময়কে পেছনে ফেলে এই ডান হাতি ব্যাটসম্যান এখন অনেকটাই পরিণত। দলের জয়েও অবদান রাখছেন নিয়মিত। ঠিক এমন সময়েই গত জানুয়ারির ভারত সফর এক রাশ কালি ঢেলে দেয় তার ক্যারিয়ারে। এক বাজিকরের কাছে দলের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আইসিসি’র দুর্নীতি দমন কমিশন তদন্তও করছে অভিযোগটি। তবে মাঠের বাইরের এ বিষয়টি যে তার ব্যাটে বাজে প্রভাব ফেলতে পারেনি গত সোমবার কেনিয়ার বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচেই তা প্রমাণিত। তার দুর্দান্ত এক সেঞ্চুরি কেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয় এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 10:30 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এবং এই সেঞ্চুরির সৌরভেই এখন তার আত্মবিশ্বাস তুঙ্গস্পর্শী। সেটা এতটাই যে কোনো বাধা----বিপত্তিকেই আর পাত্তা দিতে রাজি নন ,“বহু উত্থান---পতন পেরিয়ে এসে একটা সেঞ্চুরি করা সত্যিই দারুণ ব্যাপার। আমার ক্যারিয়ারে অনেক চড়াই---উৎরাই এসেছে। তাই আমি জানি কিভাবে নেতিবাচক ঘটনাগুলোকে ইতিবাচক করা যায়। সবচেয়ে দুর্দান্ত ব্যাপার হলো, কিংস্টন এবং আমার দেশের (জ্যামাইকা) মানুষের সমর্থন পাওয়া।”

শুধু কেনিয়ার সঙ্গে ঐ প্রস্তুতি ম্যাচই নয়, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আগের দুটো জয়েরও নায়ক তিনি। গত ডিসেম্বরে পাকিস্তান সফরে অপরাজিত ১০০ ও ভারতের সঙ্গে ৯৮ রানের ম্যাচ জেতানো ইনিংস দুটোর কথা বোধহয় কোনো দিন ভুলতে পারবেন না স্যামুয়েলস। যেমন ভুলতে পারবেন না দুঃসময়ে অধিনায়কের কাছ থেকে পাওয়া সমর্থনের কথাও। ব্রায়ান লারাই তাকে দলের জয়ে অবদান রাখতে প্রেরণা যুগিয়েছেন সবচেয়ে বেশি,“অধিনায়ক আমার সঙ্গে কথা বলার সময় জানালেন তিনি এক জন ম্যাচ উইনার খুঁজছেন। আমি তাকে বললাম  দায়িত্বটা নিতে আমার কোনো সমস্যা নেই। তিনি আমাকে সুযোগ দিলেন এবং আমিও তা গ্রহণ করলাম ভালোভাবে।”

আগের চেয়ে ওপরে ব্যাট করার সুযোগ পেয়েও দারুণ খুশি স্যামুয়েলস। নিজেই জানাচ্ছেন বাড়তি দায়িত্বটা খুব উপভোগ করার কথা,“আগে ব্যাট করাটা আমাকে কন্ডিশন ও উইকেট বুঝে রানের গতি বাড়ানোর সুযোগ করে দেয়। ৭ বা ৮ নম্বরে ব্যাট করে বেশি রান করা খুব কঠিন। আমি আগে ব্যাট করতে ভালোবাসি। নিজের লক্ষ্য পূরণের সঙ্গে সঙ্গে দলকেও ভালো অবস্থানে পৌঁছে দেয়ার জন্য সেটাই সবচেয়ে ভালো উপায়।” আপাতত আত্মবিশ্বাসে টগবগ করলেও অতিরিক্ত আত্মবিশ্বাসের ঝুঁকি সম্পর্কে অবগত স্যামুয়েলস,“আমি অতি আত্মবিশ্বাসী নই। শুধু নিজেকে সমর্থন করি আর সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি।”