ড্র করেও শীর্ষে উঠে এলো ঢাকা
আগে রাজশাহী ছিল এককভাবে শীর্ষে। জাতীয় লিগের নবম রাউন্ড শেষে শীর্ষস্থানে ভাগ বসিয়েছে ঢাকা। কারণ সিলেটের বিপক্ষে ম্যাচ ড্র হলেও তারা প্রথম ইনিংস লিড নেওয়ায় ৪ পয়েন্ট পেয়েছে। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী ও ঢাকা।
প্রথম ইনিংসে ২০ রানের লিড নেওয়া ঢাকা ২৯২ রানের টার্গেট তাড়া করে বৃহস্পতিবার ৩ উইকেটে ১১০ রান তুলে ম্যাচ শেষ করেছে।
শেষ দিনে ম্যাচ ড্র হলেও অলক কাপালির সেঞ্চুরিই ছিল উল্লেখযোগ্য ঘটনা। ১৭৪ বলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানের চমৎকার এক ইনিংস খেলে সিলেটকে দ্বিতীয় ইনিংসে ২৯১ রানের বড় লিড এনে দেন তিনি। অলক ছাড়া গোলাম মওলার ছিল ভালো অবদান, মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। তবে অলকের তুলনায় মওলা অনেক ধৈর্য্যশীল ইনিংস খেলেছেন; ২২১ বলে ১০ টি বাউন্ডারিসহ ৯৬ রান করে রুবেলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে সিলেট।
কিন্তু ঢাকা দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১০ রানের মাথায় হারিয়ে বসে ওপেনার উত্তমকে (৯)। অন্য ওপেনার রাশেদুল হক অবশ্য তারপর আনোয়ারকে নিয়ে ৭৫ রান যোগ করে ভালো অবস্থানে নিয়ে যান দলকে। অলক কাপালির বলে রাশেদুল (৩৭) আউট হওয়ার কিছু পরেই আনোয়ারও (৩৩) রান আউটের খাঁড়ায় পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন। দিনের বাকি সময় পার করে দেন সামছুর (১৪) ও কামরুল (৭)।
