২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানেরিয়ার ওপরই আস্থা কাদিরের

একটা সময় ছিল যখন ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত পেসারদের দিকে। রবার্টস----হোল্ডিং-----মার্শাল------গার্নারদের নিয়ে গড়া সেই বিশ্ব কাঁপানো ‘পেস কোয়ার্ট্রটে’ কিংবা তাদের উত্তরসূরী ওয়ালশ----অ্যামব্রোসের বেড়ে ওঠায় বিরাট ভূমিকা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজের দ্রুতগতির, বাউন্সি উইকেটগুলো। অথচ এখন ঠিক তার উল্টো অবস্থা। সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়ানের উইকেটগুলোর চরিত্র যেন উপমহাদেশের মতো! আর তাই সেখানে স্পিনারদের গুরুত্বও বাড়ছে দিন দিন। সেজন্যই আব্দুল কাদিরের বিশ্বাস, এবারের বিশ্বকাপে সাফল্য পেতে হলে পাকিস্তানকে অনেক খানি নির্ভর করতে হবে দানিশ কানেরিয়ার ওপরে। সেই সঙ্গে মাত্র এক জন স্পেশালিস্ট স্পিনারকে দলে রাখায় নির্বাচকদের এক হাত নিতেও ছাড়েননি পাকিস্তানের সাবেক তারকা লেগ স্পিনার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

“ক্যারিবিয়ানের উইকেটগুলো অবশ্যই স্পিনারদের সাহায্য করবে। আর তাই ব্যাপারটা (পাাকিস্তানের সাফল্য) নির্ভর করবে কানেরিয়া কতটা ভাল বল করে তার ওপরে”ÑÑÑ উত্তরসূরীর ওপরে এতটাই আস্থা টেস্টে ২৩৬ ও ওয়ানডেতে ১৩২ উইকেটের মালিক কাদিরের। তবে উইকেট স্পিন সহায়ক হলেও তার ধারণা স্পিনারদের বড় পরীক্ষাই দিতে হবে ওয়েস্ট ইন্ডিজে, “এই বিশ্বকাপ হবে সব স্পিনারের জন্য আসল পরীক্ষা। এবং শেষ পর্যন্ত উইকেটের আচরণ কেমন হবে সেটা নয়, ভাল স্পিনারদের ঔজ্জ্বল্যই বড় হয়ে দাঁড়াবে প্রত্যেক দলের সাফল্যের ক্ষেত্রে।”

আর সেজন্যই মাত্র এক জন স্পেশালিস্ট স্পিনার দলে রাখায় নির্বাচকদের ওপরে ভীষণ ক্ষুব্ধ কাদির। বাঁহাতি স্পিনার আব্দুল রেহমানকে দলে না রাখার পরোক্ষ সমালোচনা করে তার মন্তব্য, “পাকিস্তান কোনো পরিকল্পনা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে গেছে। কানেরিয়াকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রাখা উচিৎ ছিল।”

টেস্টে ১৯৮ উইকেট পেলেও এখন পর্যন্ত মাত্র ১৬টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন কানেরিয়া। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি টেস্ট খেললেও ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল পাকিস্তান দল।