২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

কয়েক বছর আগেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনেকটা নির্ভার থাকতো ভারত। কিন্তু এখন প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা আর হালকাভাবে নেয়ার মতো দল নয়। সদ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা নিউজিল্যান্ডকেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাবিবুল বাশারের দলের কাছে হার মানতে হয়েছে। সেজন্যই ১৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে ভারত দারুণ সতর্ক। সেটা এতটাই যে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচে সৌরভ গাঙ্গুলীকে খেলানোর ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে ছিল ‘টিম ইন্ডিয়া’। বৃহস্পতিবার নেট প্র্যাকটিসে গোড়ালিতে ব্যথা পাওয়ার জন্যই ‘প্রিন্স অফ কলকাতা'কে ঘিরে ভারতের এই অনিশ্চয়তা এবং তাকে দলে রাখার ব্যাপারে সংশয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 07:22 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এদিকে বীরেন্দর শেবাগ জানিয়েছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সমর্থন পেয়ে এখন তিনি অনেক বেশি উজ্জীবিত, ফর্মে ফিরতে উদগ্রীব। ক’দিন আগে ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার জানিয়েছিলেন যে দ্রাবিড়ের বিশেষ অনুরোধেই শেবাগকে বিশ্বকাপের দলে রেখেছেন তারা।

ভারতের সাবেক অধিনায়কের হৈ----চৈ ফেলা দেয়া মন্তব্যটা যে ভিত্তিহীন নয় শেবাগের কথাতেই তা প্রমাণিত। এবং সর্বশেষ ১৫টি ওয়ানডেতে মাত্র একটা ফিফটিসহ ২৭৩ রান করা এই তারকা ব্যাটসম্যান যে দ্রাবিড়ের সমর্থন পেয়ে অনুপ্রাণিত, সেটাও জানাতে ভোলেননি,“ আমার ওপরে রাখা আস্থার প্রতিদান দিতে চাই আমি । চাই প্রত্যাশা পূরণ করতেও। ফর্মে ফেরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকায় যে সময় পেয়েছি, তা আমার মনঃসংযোগ ফিরিয়ে আনতেও সাহায্য করেছে।”

গত মাসে শ্রীলঙ্কার সঙ্গে শেষ ওয়ানডেতে ৪৬ রানের ইনিংসটাও অনেকখানি আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে শেবাগের ব্যাটে,“বর্তমান ফর্ম নিয়ে আমি দারুণ খুশি। নেট প্র্যাকটিসে প্রত্যেক সেশনেই উন্নতি করছি । আমি চাই উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকতে।”