২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলতে না পারার দুঃখ ভুলতে পারছেন না শোয়েব

“বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট মিস করার যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। যেন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমাকে। দীর্ঘ দুই বছর ধরে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করছিলাম। তাছাড়া ক্যারিবিয়ানের মতো ক্রিকেটপ্রেমী অঞ্চলে খেলার স্বপ্নও আমার অনেক দিনের। বিশ্বকাপে না খেলতে পেরে আমার সব স্বপ্নই ধূলিস্যাত হয়ে গেছে”ÑÑÑ এক রাশ দুঃখ আর হতাশা যেন ঝরে পড়লো শোয়েব আখতারের কণ্ঠ থেকে। সেটাই স্বাভাবিক। আগামী দেড়টা মাস বিশ্বের সব ক্রিকেট তারকারা যখন ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে আলো ছড়াবেন তখন শোয়েবকে থাকতে হবে দর্শকের ভূমিকায়, চোট থেকে সেরে ওঠার সংগ্রামে। কষ্ট তো হওয়ারই কথা!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শুধু বিশ্বকাপ বলেই নয়, ওয়েস্ট ইন্ডিজে খেলাটা প্রত্যেক ক্রিকেটারের জন্যই একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাপার। গ্যালারিতে ক্যারিবিয়ানদের উৎসবের আমেজ, পৃথিবী বিখ্যাত সব সমুদ্র সৈকতে বেড়ানোর লোভনীয় হাতছানি তো আছেই, আরেকটা আকর্ষণও পেসারদের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে উন্মুখ করে তোলে। এবারের বিশ্বকাপের উইকেটগুলো যতই স্পিন সহায়ক হওয়ার কথা শোনা যাক না কেন, ক্যারিবিয়ানে সাধারণত পেসাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। সেই জায়গায় বল হাতে দলকে সাহায্য করতে না পেরে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ স্বাভাবিকভাবেই দুঃখভারাক্রান্ত,“আমি ক্যারিবিয়ানে গিয়ে দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে এত বড় টুর্নামেন্টটা মিস করতে হল। এমন সুযোগ বোধহয় আর কখনো আসবে না।” শেষ কথাটায় আক্ষেপ ঝরে পড়ার কারণ, বয়স ৩১ হয়ে যাওয়ায় আগামী বিশ্বকাপে তার না খেলার সম্ভাবনাই বেশি।

ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাইরে থাকার দুঃখের সঙ্গে আরেকটা যন্ত্রণাও তাকে পোড়াচ্ছে। পাকিস্তানের ক্রিকেটাঙ্গনের অনেকেরই ধারণা, চোট নয় ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ার ভয়েই শোয়েব ওয়েস্ট ইন্ডিজে যাননি। পাকিস্তানের বিশ্বকাপ দলের বাকি ক্রিকেটাররা পিসিবি’র উদ্যোগে করা ড্রাগ টেস্টে অংশ নিলেও সে সময়টায় শোয়েব ও আসিফ ছিলেন ইংল্যান্ডে, চিকিৎসার উদ্দেশে। দু জনে দেশে ফেরার পরই পিসিবি জানিয়েছে যে তারা চোট থেকে পুুরোপুরি সেরে ওঠেননি। তাই তাদের পক্ষে বিশ্বকাপেও যাওয়া সম্ভব নয় । এ নিয়ে দেশের ক্রিকেট মহলে বিস্তর জল ঘোলা হওয়ায় ভীষণ ব্যথিত শোয়েব,“আমি সব সময়ই ক্ষমতা অনুযায়ী সেরাটা ঢেলে দেই। অথচ লোকে আমার সততা নিয়ে প্রশ্ন তোলে। আমার চোট নিয়ে সব সময় সন্দেহ প্রকাশ করা হয়। বলা হয় আমি ভান করছি। এবং সব সময় নিজের সুস্থতার প্রমাণ দিতে হয় আমাকে। মানুষ কেন যে বুঝতে পারে না! যে খেলাটা আমি ভালবাসি সেটা কেন খেলতে চাইবো না?”

নিন্দুকদের সব সন্দেহের জবাব দেয়ার জন্য দু সপ্তাহ পর থেকেই অনুশীলনে ফেরার পরিকল্পনা করছেন এই বিধ্বংসী ফাস্ট বোলার।